ছাত্রলীগের ডাকে ২৪ এপ্রিল ছাত্র ধর্মঘট
সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ এপ্রিল ছাত্র ধর্মঘট আহ্বান করেছে ছাত্রলীগ। ছাত্রদলের হামলায় আহত শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম আকাশের মৃত্যু এবং বুধবার ১৪ দল আহুত প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশী হামলার প্রতিবাদে ছাত্রলীগ এ কর্মসূচি ঘোষণা করেছে।
এছাড়াও একই ইস্যুতে ২৩ এপ্রিল বিক্ষোভ কর্মসূচী পালন করবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনটি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন এ কর্মসূচী ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সভাপতি তাজবিরুল হক, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদ শুভ্র, নিহত আকাশের চাচা এমএ লতিফ, চাচাতো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
লিখিত বক্তব্যে মাহফুজুল হায়দার রোটন বলেন, বাংলামটরে ছাত্রলীগের ওপর পুলিশের হামলায় সভাপতি মাহমুদ হাসান রিপনসহ প্রায় শতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে সূর্যসেন হলের সহ-সভাপতি রেজাউল করিম মাসুদ, ও শাহনূরের অবস্থা গুরুতর বলে জানান তিনি। আহতদের সেন্ট্রাল হাসপাতাল এবং হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, ইতিহাস বিকৃতির প্রতিবাদ করায় ছাত্রদল সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে ছয় দিন পর আকাশ মৃত্যুবরণ করে।
তিনি জানান, অধ্যাপক লোকমান হোসেন এবং রাজীবের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করা হবে।
