টিআইবি ডিসেম্বরের মধ্যে ১৬টি সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেবা খাতের চিত্র প্রকাশ করবে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ডিসেম্বরের মধ্যে দেশের ১৬টি সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেবাখাতের ওপর প্রতিবেদন প্রকাশ করবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে এগুলো দুর্নীতি দমন কমিশনে (এসিসি) পাঠানো হবে।
সংগঠনের গুলশানের কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে বুধবার টিআইবি কর্মকর্তারা এ কথা জানান।
এ সময় তারা সুপারিশ করেন, দুর্নীতি দমন কমিশনকে (এসিসি) কার্যকর করতে সরকারি উদ্যোগ গ্রহণ, সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যকর এবং দুর্নীতির মামলাগুলোর চার্জশিট ও বিচার কাজ মনিটরিং করতে হবে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অ্যাডভোকেসি পরিচালক ড. মোহাম্মদ কবীর মিয়া, অর্থ ও প্রশাসনিক পরিচালক মুরসালিন কে চৌধুরী এবং র্যাকের সভাপতি শহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক মিজান মালিকসহ অন্যান্য কর্মকর্তা মতবিনিময়ে অংশ নেন।
এ সময় নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, সম্প্রতি টিআইবি বেনাপোল ও টেকনাফ স্থলবন্দরের দুর্নীতির চিত্র প্রকাশ করেছে। এটি ইতোমধ্যেই এসিসিতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে নিু আদালত ও পুলিশের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ অন্য খাতের প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিনি বলেন, ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি করে। অন্যদিকে অর্থনৈতিক ক্ষমতাবানরাও দুর্নীতির সাথে জড়িত। এসব দুর্নীতি রোধে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
