পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ ২২ এপ্রিল
মাওবাদীদের জোর প্রভাব রয়েছে এমন তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদেনীপুরে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের সাফল্যের পর নির্বাচন কমিশন আগামী ২২ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছে।
উপ-নির্বাচন কমিশনার বালকৃষ্ণণ কলকাতায় বিডিনিউজকে বলেন, প্রথম দফা ভোট গ্রহণে সামান্য অসংগতি থাকলেও পরবর্তী পর্যায়ের ভোট গ্রহণের সময় কমিশন আরো কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সুশৃঙ্খল ভাবে ভোট পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ পর্যায়ে ভোট গ্রহণ করা হবে চার জেলায়।
প্রথম পর্বের ভোট গ্রহণকালে দুই একটি স্থানে ভোটগ্রহণের স্বয়ংক্রিয় যন্ত্রে (ইভিএম) সমস্যা থাকায় ভোট গ্রহণে বেশ বিলম্ব হয়। এ কারণে বিষয়টির প্রতি বিশেষ নজর দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র জানায়, হুগলি, হাওড়া, নদীয়া ও পূর্ব-মেদেনীপুর জেলায় ৬৬ টি বিধানসভা আসনে ২২ এপ্রিল ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। চার জেলায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে রাজ্য পুলিশকে বাদ দিয়ে প্রায় আধাসামরিক বাহিনীর ১০০ কোম্পানি সদস্যকে নিরাপত্তার দায়িত্বে মাঠে নামানো হয়েছে। এর পাশাপাশি ভোটের দিন তিনটি অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার নিরাপত্তা রক্ষায় আকাশে টহল দেবে। অন্যদিকে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে থেকে ভারত-- বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বিডিনিউজ প্রতিবেদকের অপর এক প্রশ্নের জবাবে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা দেবাশীষ সেন বলেন, প্রথম পর্যায়ের ভোট গ্রহণে কোন প্রকার কারচুপি, জাল ভোটের ঘঠনা ঘটেনি।
এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন নিয়ে বিরোধীদের কোন অভিযোগের আর মূল্য থাকবে না। যদিও রাজ্যের প্রধান দু’টি বিরোধী রাজনৈতিক দল তৃণমূল ও কংগ্রেস অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের কথা স্বীকার করলেও ভোট কারচুপি বিষয়ে সুনির্দিষ্ট কোন মন্তব্য করেনি।
বুধবার সকালে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত কংগ্রেস’র সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জী বলেন, রাজ্যে কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। বিগত নির্বাচনের চেয়ে তার দল এবার আরো বেশী আসন লাভ করবে বলেও প্রণব মুখার্জী দাবী করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরাসরি রাষ্ট্রপতি শাসনে ভোট না হলেও পশ্চিমবঙ্গে চতুর্দশ বিধানসভা নির্বাচন আক্ষরিক অর্থেই রাষ্ট্রপতি শাসন থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ পর্যবেক্ষণে আসা কে জে রাও এধরনের মন্তব্য করে কলকাতার একটি পত্রিকায় কলাম লেখেন। প্রথম দফা ভোট গ্রহণে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা তার এই মন্তব্যকে সত্য প্রমান করেছে।
