নগরীর অন্য স্পটগুলো রণক্ষেত্র হলেও ব্যতিক্রম ছিল মহাখালি
আওয়ামী লীগসহ ১৪ দলের প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে নগরীর বিভিন্ন ¯পটে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং গোলাগুলির ঘটনাসহ বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্রে পরিনত হলেও ব্যাতিক্রম ছিলো মহাখালি।
পূর্ব ঘোষণা দিয়েও নেতারা এই স্পটে ১৪৪ ধারা বা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করেননি।
ঘোষিত তিনটি স্পটের মধ্যে অন্যতম এই স্থানে ১৪ দল কর্মীরা বিক্ষিপ্তভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ হালকাভাবে পাল্টা ধাওয়া ও প্রকৃত অর্থেই মৃদু লাঠিচার্জ করলেও বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যারিকেডের ভেতরে সশস্ত্র পুলিশের সতর্ক অবস্থান এবং বাইরে বিরোধী নেতা কর্মীদের শান্তিপূর্ণ সমাবেশ এই এলাকায় কোনো উত্তাপও ছড়াতে পারেনি।
আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা কর্মীরা সকাল ১১ টার দিকে মহাখালি রেলগেটে পুলিশ ব্যারিকেডের বাইরে রাস্তার ওপর জমায়েত হয়। সেখানে প্রায় এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয় সমাবেশ।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, কাজী জাফরুল্লাহ্ এমপি, ড. মহিউদ্দিন খান আলমগীর, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন,জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান, অ্যাডভোকেট সাহারা খাতুন ও আলহাজ্ব রহমতউল্লাহ্।
সমাবেশ শেষে বেলা পৌণে ১ টার দিকে নেতৃবৃন্দ ফিরে যাওয়ার সময় কয়েক জন কর্মী স্বাস্থ্য অধিদপ্তরের দিক থেকে রাস্তার উল্টো দিকের ব্যারিকেডের ভেতর অবস্থান নেওয়া পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবশ্য কর্মীদের নিরস্ত করার চেষ্টা করেন।
১৪৪ ধারা উপেক্ষা করে ব্যারিকেড ভাঙ্গার পূর্ব ঘোষণা থাকলেও প্রধানমন্ত্রীর সচিবালয়ের দিকে এগিয়ে যাওয়ার কোনো চেষ্টা না করায় বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এই এলাকার কর্মসূচি।
