রাষ্ট্রপতির পর সিইসিরও সাক্ষাত না পেয়েই বিদায় নিলেন দুই নির্বাচন কমিশনার
রাষ্ট্রপতির পর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গেও সাক্ষাতের অনুমতি চেয়ে সময় না পাওয়ার দু:খ নিয়েই নির্বাচন কমিশন থেকে বিদায় নিলেন দুই নির্বাচন কমিশনার এমএম মুন্সেফ আলী এবং একে মোহাম্মদ আলী।
বিদায়ের সময় সাংবাদিকদের সাথে আলাদাভাবে আলাপকালে তারা মত প্রকাশ করেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান সম্ভব নয়। কমিশনে দীর্ঘ পাঁচ বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মেয়াদ শেষে বুধবার তারা বিদায় নেন।
দুই নির্বাচন কমিশনার সকালে পতাকাবাহী গাড়িতে কমিশনে আসেন। পরস্পরের মধ্যে কুশল বিনিময় ও মঙ্গল কামনা করে পতাকাবিহীন গাড়িতে তারা কমিশন থেকে বিদায় নেন।
মেয়াদের শেষ দিনে অফিসে উপস্থিত থাকলেও তাদের কোনো কাজ করতে হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাংবিধানিক পদে দায়িত্ব পালন শেষে বিদায়ের আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের রেওয়াজ থাকলেও দুই কমিশনার সেই সুযোগ পাননি।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে তাদের ১৬ এপ্রিল সাক্ষাতের সময় দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়।
বিদায়ী কমিশনার এমএম মুন্সেফ আলী বলেন: আমি জানিনা কেনো সময় দেওয়া হয়নি। হয়তো তার (রাষ্ট্রপতি) কোনো সমস্যা ছিলো।
মোহাম্মদ আলী বলেন, “রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কথা বলে আমাদের শিডিউল বাতিল করা হয়েছে। কিন্তু, আমাদের সঙ্গে সাক্ষাতও রাষ্ট্রীয় দায়িত্ব। হয়তো এর চেয়েও গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় দায়িত্ব তার (রাষ্ট্রপতি) ছিলো।”
শেষ দিনে দুই কমিশনার বিদায়ী সাক্ষাতের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজের কাছে সময় চেয়েছিলেন। কিন্তু তারা সেই অনুমতিও পাননি বলে সূত্র জানায়।
এ ব্যাপারে সিইসি আজিজ সাংবাদিকদের সাথে কথা বলতে সম্মত হননি।
নির্বাচন কমিশন অথবা কমিশন সচিবালয় থেকে তাদের বিদায়ে কোনো আনুষ্ঠানিকতাও পালন করা হয়নি। এর আগে বিচারপতি মাহফুজুর রহমান এবং সম জাকারিয়া নির্বাচন কমিশনার হিসেবে যোগদান করলে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা।
বুধবার তাদের কেউ বিদায়ী কমিশনারদের সাথে সাক্ষাত করতে যাননি। তবে মুনসেফ আলী তাদের সবাইকে ধন্যাদ জানিয়ে আলাদা চিঠি পাঠিয়েছেন।
বিদায়ী কমিশনার এমএম মুন্সেফ আলী সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অবশ্যই নির্বাচনী আইন পরিবর্তন ও সংস্কার প্রয়োজন।
“তবে সদিচ্ছা থাকলে প্রচলিত আইনেও নির্বাচন সুষ্ঠু করা সম্ভব,” তিনি বলেন।
তিনি নির্বাচন কমিশনকে প্রভাবমুক্ত, নির্বাচন কমিশন সচিবালয়কে কমিশনের অধীনে অর্পণ, ভোটার পরিচয়পত্র প্রদান, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি প্রবর্তন, রাজনৈতিক দলের নিবন্ধীকরণ, ঋণখেলাপি, ফৌজদারি মামলায় শাস্তিপ্রাপ্ত ও জনমনে আতংক সৃষ্টিকারি চিহ্নিত অপরাধীদের নির্বাচনে অংশগ্রহণে বিরত রাখতে নতুন আইন প্রণয়নেরও সুপারিশ করেন।
মুন্সেফ আলী বলেন, অবাধ, সুষ্ঠূ ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার আবশ্যক।
নির্বাচন কমিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, শুধুমাত্র ভোটার তালিকা প্রণয়ন ছাড়া বর্তমান সিইসির সাথে আর কোনো বিষয়ে মতবিরোধ ছিল না।
“কিন্তু এ বিষয়ে মতবিরোধের পর সিইসি আর আমাদের সাথে কোনো বৈঠক করেননি। নতুন দুই কমিশনার নিয়োগের পর এ সংক্রান্ত কোনো নথিপত্রও আমাদের কাছে পাঠানো হয়নি,” তিনি বলেন।
তিনি ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি প্রবর্তন করতে না পারা ও ভোটার তালিকা নিয়ে সৃষ্ট জটিলতাকে তাদের ব্যর্থতা হিসেবে মনে করেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী কমিশনে স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ করে বলেন, কমিশন স্বাধীন কিন্তু এর সচিবালয় অন্য একটি মন্ত্রণালয়ের অধীন।
“তাই কমিশনের সিদ্ধান্ত সচিবালয় যথাযথভাবে বাস্তবায়ন করে না। সচিবরা কমিশনের সভায়ও থাকেন না,” তিনি বলেন এবং মত প্রকাশ করেন, সচিবালয়, নিয়োগ ও বদলীসহ সবকিছুই কমিশনের অধীনে দেওয়া উচিত।
তিনিও কমিশনার মুন্সেফ আলীর প্রস্তাবগুলোর পূনরাবৃত্তি করে বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
“এ জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করতে সংস্কার প্রয়োজন। নইলে আদৌ সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হবে না। এ জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে,” তিনি বলেন।
