২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দৃশ্যত অবরুদ্ধ: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ ও বিরোধী দলের দফায় দফায় সংঘর্ষ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশ ও বিরোধী দলের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে কয়েক ডজন লোক আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

রাজধানীর ধানম-ি ও বাংলামটর মোড়ে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে কেন্দ্রে রেখে প্রায় ২০ কিমি এলাকা আইনশৃঙ্খলা বাহিনী কাঁটাতারের বেড়া দিয়ে দৃশ্যত অবরুদ্ধ করে রাখে।

পুলিশ আন্দোলনকারীদের বিক্ষিপ্ত করে দিতে ধানম-ি ও বাংলামটর মোড়ে বিরোধী দলের কর্মীদের ওপর এলোপাতাড়ি লাঠি চার্জ করে এবং আতঙ্ক ছড়াতে টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। বিরোধী দলের বিক্ষুব্ধ কর্মীরাও পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে দেয় এবং বাংলামটর এলাকায় মাইক্রোবাস ভাংচুরসহ বিভিন্ন ভবনের জানালা ভেঙে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরোধী দলের কর্মীরা ধানম-িতে বিএনপি’র সাংসদ হারুনর রশিদ খান মান্নুর বাসভবন (সড়ক ১৬, বাড়ি ৯) ভাংচুর করে। বাড়িটি থেকে বিরোধী দলের কর্মীদের লক্ষ করে গুলি ছোঁড়া হলে তারা এ ভাংচুর চালায়। পরে বাড়িটি ঘিরে পুলিশ মোতায়েন করা হয়।

ধানম-িতে বিরোধী দলের আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে তারা রাপা প্লাজায় ভাংচুর চালায়। পুলিশ তাদের লক্ষ করে রাবার বুলেট ও কমপক্ষে ২০০ রাউন্ড টিয়ার গ্যাস শেল ছোঁড়ে।

এছাড়া মীরপুর, জিগাতলা ও ফার্মগেট এলাকায়ও পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ করে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে এবং কানসাট হত্যাকা-, বিদ্যুৎ সঙ্কট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি নিয়ে সরকার ও ১৪ দল মুখোমুখি অবস্থান নেয়। এছাড়া মঙ্গলবার যুবলীগের যুবমহাসমাবেশের ভয়াবহ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হরতাল কর্মসূচি আরও চাঙ্গা হয়ে ওঠে।

১৪ দলের ঘেরাও কর্মসূচি বানচাল করতে পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সমাবেশ, মিছিল কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৪ দল নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলে সহিংস ঘটনার আশঙ্কা দেখা দেয় এবং পুলিশও মারমুখী অবস্থান নেয়।

ঘেরাও কর্মসূচিতে বিরোধী দল সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচিসহ মহাখালী, ধানম-ি ২৭, আসাদ গেট এবং ফার্মগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত নেয়।

এদিকে কর্তৃপক্ষ বিরোধী দলের কর্মসূচি বানচাল করতে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহিলা ও সাধারণ পোশাকধারী পুলিশ মোতায়েন ও জলকামান ব্যবহারসহ ব্যাপক শোডাউনের আয়োজন করে।

অ্যাম্বুলেন্স ও মিডিয়ার গাড়ি ছাড়া জনসাধারণ ও যানবাহন চলাচলের ওপর পুলিশের কঠোর নিয়ন্ত্রণের ফলে ঢাকা শহরতলি দৃশ্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার রাতে পুলিশ গণগ্রেফতার চালায়। এতে বিরোধী দলের নেতাকর্মীতে রাজধানীর থানাহাজত পরিপূর্ণ হয়ে যায় বলে পুলিশের একটি সূত্র জানায়।

বিরোধী দলের কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও বিডিআরের প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়।