বিরোধী দলের কর্মসূচিতে গণগ্রেপ্তার শুরু করেছে পুলিশ
বিরোধী দলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি এবং বৃহস্পতিবারের হরতাল সামনে রেখে পুলিশ গণগ্রেপ্তার শুরু করেছে।
সোম ও মঙ্গল এই দুইদিনে পুলিশ একহাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে তারা আরো গ্রেপ্তার করবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধী নেতাকর্মীতে নগরীর পুলিশ লকআপগুলো পূর্ণ হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, লালবাগ, সূত্রাপুর, মিরপুর, মালিবাগ, মহাখালী, গুলশান, উত্তরা এবং অন্যান্য এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু বিরোধী নেতাকর্মীদের আটক করেছে।
এদিকে সরকার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, র্যাব ও বিডিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ হাজার সদস্য মোতায়েন করেছে।
ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ঢাকার বাইরে থেকে পাঁচ হাজার অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে। এছাড়া কানসাট হত্যাকা- ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল আহ্বান করেছে।
অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশে মানুষের চলাচল, সভা সমাবেশ, লাঠি ও ক্ষতিকর বস্তু বহনের ওপর নিষেধজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
যেসব এলাকা নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সেগুলো হল-- মহাখালী ক্রসিং থেকে শহীদ জাহাঙ্গীর গেট, সেখান থেকে পিএসসির পর্যটন ক্রসিং, রোকেয়া সরণী থেকে শিশু মেলা হয়ে আগারগাঁও ক্রসিং, শিশুমেলা ক্রসিং থেকে মোহাম্মদপুর সুপার মার্কেট হয়ে ধানম-ি ২৭ নম্বর রোড, তল্লাবাগ, শুক্রাবাদ থেকে পান্থপথের স্কয়ার হাসপাতাল, স্কয়ার ক্রসিং থেকে শেরাটন ক্রসিং, ফ্রি স্কুল স্ট্রিট, বাংলা মোটর লিংক রোড, মগবাজার ক্রসিং, টঙ্গী ডাইভারশন রোড এবং সাত রাস্তা রোড থেকে মহাখালী। এসব এলাকার লেন ও বাইলেনগুলোও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
বিরোধী দলের কর্মসূচিতে প্রস্তুতি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই বিভিন্ন স্থানে কাটাতারের ব্যারিকেড এনে হাজির করেছে।
