দলীয় এমপিসহ নিজের সম্পত্তির হিসাব দিতে প্রস্তুত শেখ হাসিনা: যুব মহাসমাবেশে ঘোষণা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার পরিবারের অর্থ--সম্পদের হিসাব চেয়ে বলেছেন, আমি নিজের এবং দলীয় এমপিদের অর্থ--সম্পদের হিসাব দিতে প্রস্তুত।
ঐতিহাসিক পল্টন ময়দানে মঙ্গলবার আওয়ামী যুবলীগের যুব মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে দেশের সুশীল সমাজের সৎ, যোগ্য প্রার্থী আন্দোলনের কথা উল্লে¬খ করে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বর্তমানে সরকারের মন্ত্রী এমপিদের মধ্যে কারা সন্ত্রাসী--দুর্নীতিবাজ, ক্ষমতায় গিয়ে কারা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে, তাদের তালিকা প্রকাশ করুন। ক্ষমতায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী, তার পরিবার ও মন্ত্রী এমপিদের কী পরিমাণ সম্পত্তি ছিল, আর এখন দুর্নীতি ও জনগণের অর্থ সম্পদ লুট করে তারা কতো সম্পদের মালিক হয়েছেন, তার হিসাব আগে দিতে হবে। তারপর আপনারা (সুশীল সমাজ) সৎ যোগ্য প্রার্থী খুঁজুন।
আওয়ামী লীগ সভানেত্রী ১৪ দল আহূত ১৯ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং বৃহস্পতিবারের দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতাল সফল করার জন্যে দেশের যুবসমাজসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
জনগণের ওপর সরকারের অত্যাচার, হত্যা--নির্যাতনের কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ১৪৪ ধারা জারি করে, অত্যাচার নির্যাতন চালিয়ে আপনি গদি রক্ষা করতে পারবেন না। নির্যাতনের পথ বেছে নিয়ে বাংলার জনগণকে দাবিয়ে রাখা যাবে না।
সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব মানতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে।
তিনি প্রধানমন্ত্রীকে বলেন, দুর্নীতি এবং জনগণের অর্থ--সম্পদ লুট করে অনেক টাকা বানিয়েছেন। এবার ক্ষান্ত হোন। মানুষকে বাঁচতে দিন।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবের কথা উল্লে¬খ করে শেখ হাসিনা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতেই আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি।
যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে সরকারকে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করতে হবে। ভোটার তালিকায় যেন কারও নাম বাদ না পড়ে, কেউ যেন আর ভোট কেড়ে নিতে না পারে, সেজন্যে সকলকে সজাগ থাকতে হবে। জোট দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে যুবসমাজেকে সংগ্রামী ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আওয়ামী লীগ প্রধান পুলিশসহ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশে বলেন, দেশ ও দেশের মানুষকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, দেশের মানুষের অর্থ--সম্পদ লুট করে বিদেশে পাচার করছে, প্রধানমন্ত্রী ও তার পরিবারসহ ওই দুর্নীতিবাজদের রক্ষায় তাদের পাহারা দেবেন, নাকি জনগণের পক্ষে থাকবেন, আপনাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। মানুষের ওপর লাঠি, টিয়ার গ্যাস, গুলি আর চালাবেন না।
দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বিরোধী দলীয় নেতা বলেন, জোট সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। গত সাড়ে চার বছরে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেনি। খাদ্য উদ্বৃত্বের দেশকে ঘাটতির দেশে পরিণত করেছে। দলীয়করণ ও দুর্নীতি করতে গিয়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও সমাজকে ধ্বংস করেছে। তারা বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। পারেনি নতুন কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে। অথচ প্রধানমন্ত্রী বলছেন, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।
কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত জনগণের ওপর গুলি বর্ষণ ও অত্যাচার নির্যাতন এবং চট্টগ্রামে সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি স্বরাষ্ট্র ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে। মানুষ হত্যা এবং অত্যাচার নির্যাতন ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কে দিয়েছে?
শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী ৭০ হাজার সন্ত্রাসীর মামলা তুলে নিয়ে ২৬ হাজার মানুষকে হত্যা করেছেন। তিনি শুধু জানেন রক্ত নিতেই। মানুষকে তিনি শান্তি দিতে জানেনা। তার হাত এখন মানুষের রক্তে লাল।
ভাবমূর্তি রক্ষায় আমেরিকায় সরকারের লবিস্ট নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভাবমূর্তি নষ্টের জন্যে জঙ্গিবাদের সৃষ্টি ও লালন, প্রধানমন্ত্রী, তার পুত্র--পরিবার ও মন্ত্রী এমপিদের মিথ্যাচার, অপকর্ম, চুরি, দুর্নীতি ও সন্ত্রাসই যথেষ্ট। কাউকে এজন্যে কিছু করা লাগে না।
শেখ হাসিনা বলেন, জনগণের টাকা ব্যয় করতে হবে জনগণের জন্যে। দুর্নীতিবাজ সরকারের অপকর্মে নষ্ট হওয়া ভাবমূর্তির ওপর মেক--আপ লাগানোর জন্যে এখন জনগণের কোটি কোটি টাকা ব্যয় বাংলার জনগণ মেনে নেবে না।
প্রধানমন্ত্রীর দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার অঙ্গীকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, যারা দুর্নীতিতে আপদমস্তক জড়িত, তারা দুর্নীতি দূর করবে কীভাবে?
দেশবাসীর প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় যেতে পারলে বিএনপি জামাত জোটের দুর্নীতি ও লুট করা সকল অর্থ--সম্পদের পাই পাই করে হিসাব নেওয়া হবে। গরিব জনগণের টাকা উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হবে। দেশের যুব সমাজের জন্যে গ্রহণ করা হবে উন্নয়ন প্রকল্প।
যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে সংগঠনের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, সংগঠনের কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নজিবুল্লাহ্ হিরু, এনায়েত কবির চঞ্চল, আবুল বাসার, মহিউদ্দিন আহমেদ মহি, নুরুন্নবী চৌধুরী শাওন ও মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য রাখেন।
সুশৃংখল পরিবেশে অনুষ্ঠিত লাখো মানুষের এই মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছিল। সারা দেশ থেকে হাজার হাজার নেতা--কর্মী বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি, নির্বাচনী প্রতীক নৌকা, নিয়ে খ- খ- মিছিল সহকারে ঢাক--ঢোল বাদ্য বাজনা বাজিয়ে উৎসবমূখর পরিবেশে মহাসমাবেশে যোগ দেন।
মহাসমাবেশে আগত একটি হাতি মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভিরা গান এবং প্রচুর সংখ্যক আদিবাসীদের উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে।
লাখো জনতার এই সমুদ্র পল্টন ময়দান উপচিয়ে পুরানা পল্টন, দৈনিক বাংলা, গুলিস্তান, নবাবপুর, বঙ্গবন্ধু এভিনিউ, রাজউক এভিনিউ, মতিঝিলসহ প্রায় দুই বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।
