১৪৪ ধারা ভাঙবে ১৪ দল: বিরোধী দলের কর্মসূচি নিয়ে উত্তেজনা
যুব মহাসমাবেশের সময় মঙ্গলবার নগরীতে ব্যাপক সংঘর্ষ, বুধবারের প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও এবং বৃহস্পতিবারের হরতালকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি অবস্থানে।
বিরোধী ১৪ দল বলেছে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সরকারের জারিকৃত ১৪৪ ধারা তারা ভাঙবে।
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, আমরা প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিকে শান্তিপূর্ণ করতে চেয়েছিলাম, কিন্তু সরকার আমাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
‘আমাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অথচ ১৪৪ ধারা জারির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সরকারের আচরণে প্রমাণ হয়েছে তারা শান্তি চায়না’ তিনি বলেন।
মঙ্গলবার বিরোধী জোটের প্রস্তুতিমূলক এক সভা শেষে তিনি বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। তবে বাধা দেওয়া হলে ১৪৪ ধারা ভঙ্গ করে কর্মসূচিকে সফল করবো।
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দু’ঘন্টার কর্মসূচি সফল করতে ১৪ দল মহাখালী, ফার্মগেট ও ধানম-ি ২৭ নম্বর রোড থেকে আসাদ গেট এলাকা পর্যন্ত - এ তিনটি স্পটে জমায়েত হয়ে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগোবে।
বিরোধী ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তোপখানা রোডস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের শহীদ আসাদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নূরুল ইসলাম, হাজী আব্দুস সামাদ, সাইফউদ্দিন আহমেদ মানিক, পংকজ ভট্টাচার্য, ওবায়দুল কাদের, শরিফ নূরুল আম্বিয়া, সৈয়দ জাফর সাজ্জাদ, দিলীপ বড়–য়া, মইনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট এনামুল হক, জাকির হোসেন, শিরীন আখতার, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মো. সেলিমসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
সরকারি দলের অনুরোধ সত্ত্বেও সভায় কানসাট গণহত্যাকা-ের প্রতিবাদে ১৪ দল আহূত বৃহস্পতিবারের হরতাল বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। ওই হরতাল কর্মসূচি ইস্যুতে চট্টগ্রামে সাংবাদিক নির্যাতনের বিষয়টিও অন্তর্ভূক্ত করা হয়েছে।
সভায় ১৪ দলের শরিক ১১ দলের নেতারা কানসাটের ঘটনায় সমঝোতার পরিপ্রেক্ষিতে এ হরতাল প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিলেন।
এ সময় আওয়ামী লীগসহ অন্য শরিক দলের নেতারা বলেন, কানসাটের ঘটনায় সমঝোতা হলেও এ গণহত্যার জন্যে দোষী ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত হয়নি।
তারা বলেন, বিদ্যুতের সঙ্কট শুধু কানসাটেই নয়, সারাদেশে বিদ্যমান। এ অবস্থায় মন্ত্রিসভার বৈঠকে আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। এছাড়া হরতালের অন্য ইস্যু দ্রব্যমূল্য না কমে বরং বেড়েই চলেছে। সার - ডিজেল সঙ্কটও অব্যাহত রয়েছে। উপরন্তু জোট সরকারের নিপীড়ন, নির্যাতনের ধারাবাহিকতায় সর্বশেষ চট্টগ্রামে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
আলোচনার পর সভায় হরতাল কর্মসূচি বহাল রাখার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘যারা কানসাটে গণহত্যা চালিয়েছে তাদের বিচার এখনো হয়নি। বিদ্যুৎ সঙ্কট শুধু কানসাটেই নয়, সারাদেশেইে বিদ্যমান। দ্রব্যমূল্য বৃদ্ধিও অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী এই বাস্তবতাকে অস্বীকার করে চলেছেন।’
তিনি চট্রগ্রামে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, এই সরকার মুখে ধর্মের কথা বললেও একজন মুরুব্বি সাংবাদিকের দাড়ি ধরে টান দিয়ে ধর্র্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
হরতাল সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে এই সরকারের ভিত নড়বড় করে দিতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, অতীতেও কারফিউ ও ১৪৪ ধারা দেওয়া হয়েছে। আমরা তা মানিনি। এবারো মানবো না। ১৪৪ ধারা ভেঙে এ কর্মসূচিকে সফল করা হবে।
তিনি বলেন, চট্টগ্রামে যে ঘটনা ঘটানো হয়েছে তা ক্রিমিন্যাল অফেন্স। তাই পুলিশ কর্মকর্তা আকবরের ক্লোজ করাটাই তার পর্যাপ্ত শাস্তি নয়। তাকে বরখাস্ত করা উচিৎ।
