২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার নির্দেশ দোহারে হামলা ও মামলা হচ্ছে: আ. লীগ

দোহারে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও একাধিক মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার প্রত্যক্ষ নির্দেশে এ হামলা চালানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 03:30 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

আওয়ামী লীগের ধানম-ি কার্যালয়ে অনুষ্ঠিত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য পদপ্রাথী সালমান এফ রাহমান, দফতর সম্পাদক আবদুল মান্নান খান, থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

শমরিতা হাসপাতালে চিকিৎসারত নয়জনের মধ্যে ছয়জনের মস্তিষ্কে আঘাত এবং একজনের মুমূর্ষু অবস্থার কথা উল্লেখ করে সালমান এফ রাহমান বলেন, নাজমুল হুদার প্রত্যক্ষ নির্দেশে গত রোববার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।    

তিনি বলেন, গত সাড়ে চার বছরে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা দায়ের করা হয়েছে যে এখন প্রতিদিন গড়ে ৫০/৪০ জনকে আদালতে হাজিরা দিতে হয়।

তিনি বলেন, নাজমুল হুদার নির্দেশে গত সাড়ে চার বছর এমন হামলা করা হয়েছে, যাতে আমি এলাকায় যেতে না পারি।

সাবের হোসেন চৌধুরী বলেন, দোহার থানার মতো পরিকল্পিত ছক অনুসারে বিএনপি’র সশস্ত্র সন্ত্রাসীরা সারা দেশে প্রথম তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা বা পঙ্গু করা প্রচেষ্টা অব্যাহত এবং তারপরই শীর্ষ নেতাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।  

আবদুল মান্নান খান বলেন, থানা আওয়ামী লীগের ৫৩৫ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে। তারা বাড়িতে থাকতে পারে না এবং ৫০ টি মামলায় কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠায় রোববার বিএনপি’র সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এতে দোহার আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলসহ ৫০ জন আহত হয়। এদের মধ্যে শমরিতা হাসপাতালে চিকিৎসারত খলিল, কালাম মোল্লা এবং জাহাঙ্গীরের অবস্থা অত্যন্ত গুরুতর।