মাস্টারদা’র নেতৃত্বে ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলনের ৭৫তম বার্ষিকী মঙ্গলবার
ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়ে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামে ভারত বর্ষের স্বাধীনতার পতাকা উড্ডয়নের ৭৫তম বার্ষিকী মঙ্গলবার পালন করা হবে।
১৯৩০ সালের ১৮ থেকে ২২ এপ্রিল মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহের মাধ্যমে স্বাধীনতার পতাকা উড়িয়ে রাখা হয়।
এ উপলক্ষ্যে মাস্টারদা সূর্যসেন পরিষদ চারদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল পাঁচটায় এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী।
অনুষ্ঠান সফল করার জন্য মাস্টারদা সূর্যসেন পরিষদের সভাপতি সাংবাদিক ফয়েজ আহমদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সকলের প্রতি আহ্বান জানান।
