মুজিবনগর দিবসে মেহেরপুরে লাখো মানুষের ঢল
বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার মুজিবনগরের আম্রকাননে সোমবার বর্ণাঢ্য আয়োজন ও স্বতস্ফূর্ততার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গার মেহেরপুর মুজিবনগর মহাসড়কের ৩৬ কিলোমিটার রাস্তার ওপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ বিপুল সংখ্যক নেতার নামে তোরণ নির্মাণ করা হয়। এছাড়া রাস্তার দু’ পাশে হাজার হাজার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দিবসটি উপলক্ষে আগত নেতাদের গাড়িবহরকে মুজিবনগরে স্বাগত জানায়।
এদিকে মুজিবনগর আম্রকানন দিবসটি পালন উপলক্ষে উৎসবের আমেজ লাভ করে। গ্রামগঞ্জের মানুষ বাদ্য--বাজনা ও নাচগানে মেতে ওঠে।
মেহেরপুর থেকে ১৪ কিমি দূরে মুজিবনগর আম্রকাননে লাখো মানুষের উপচে পড়া ভিড়ে মুজিবনগর স্মৃতিসৌধে প্রধান অতিথি ও মুজিবনগর উদযাপন কমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী পুষ্পমাল্য অর্পণ করেন। তখন উপস্থিত জনতা ‘হঠাও রাজাকার বাঁচাও দেশ’ বলে স্লোগান দেয়। এরপর মঞ্চের পাশে একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা সৈয়দা সাজেদা চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করেন।
আম্রকাননের ‘শেখ হাসিনা মঞ্চে’র এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরী বলেন, পাকি--প্রেতাত্মাদের আশির্বাদে জোট সরকার ক্ষমতায় এসে ইতিহাস বিকৃতির মাধ্যমে ’৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। তারা মুজিবনগর কমপ্লেক্সের বঙ্গবন্ধুর স্মৃতি মুছে জিয়ানগরী বানানোর পাঁয়তারা চালাচ্ছে।
অনুষ্ঠানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. আবু সাইয়িদ বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষের শক্তির সঙ্গে কোনও আপোষ করবে না। জোট সরকারের সঙ্গে সংলাপ ব্যর্থ হয়েছে তাই রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের হটানো হবে।
মুজিবনগর দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো. নাছিম, সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক, উদযাপন কমিটির সচিব ও কেন্দ্রীয় যুগ্মসম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
