২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের লাগাতার কর্মসূচি সামনে রেখে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বিরোধী দলের লাগাতার আন্দোলনের অংশ হিসেবে ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচির কারণে সরকার রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ মঙ্গলবার ঐতিহাসিক পল্টন ময়দানে যুব সমাবেশ করবে। পরদিনই বিরোধী ১৪ দলীয় জোট প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে। এছাড়া ২০ এপ্রিল কানসাট হত্যাকা- ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে সকাল--সন্ধ্যা হরতাল ডেকেছে।

এর আগে ১১ এপ্রিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেছিলেন, আমরা আশা করছি, বিরোধী দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে।

প্রধানমন্ত্রীর কার্যাল ঘেরাও কর্মসূচিকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশের বেশ কিছু এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ এবং লাঠি ও ঝুঁকিপূর্ণ বস্তু বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

যেসব এলাকা নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সেগুলো হল-- মহাখালী ক্রসিং থেকে শহীদ জাহাঙ্গীর গেট, সেখান থেকে পিএসসির পর্যটন ক্রসিং, রোকেয়া সরণী থেকে শিশু মেলা হয়ে আগারগাঁও ক্রসিং, শিশুমেলা ক্রসিং থেকে মোহাম্মদপুর সুপার মার্কেট হয়ে ধানম-ি ২৭ নম্বর রোড, তল্লাবাগ, শুক্রাবাদ থেকে পান্থপথের স্কয়ার হাসপাতাল, স্কয়ার ক্রসিং থেকে শেরাটন ক্রসিং, ফ্রি স্কুল স্ট্রিট, বাংলা মোটর লিংক রোড, মগবাজার ক্রসিং, টঙ্গী ডাইভারশন রোড এবং সাত রাস্তা রোড থেকে মহাখালী। এসব এলাকার লেন ও বাইলেনগুলোও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

যুবলীগের মঙ্গলবারের মহাসমাবেশ উপলক্ষে পল্টন ময়দান ও এর আশপাশের এলাকায় র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ওই সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বক্তব্য দেবেন।

সূত্র জানায়, বিরোধী দলগুলোর সপ্তাহব্যাপী কর্মসূচিকে সামনে রেখে ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক পুলিশ আনা হয়েছে।