২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি’র লিভ টু আপিল মঞ্জুর: আদালত অবমাননা থেকে রেহাই পেলেন সিইসি আজিজ এবং সাংসদ মনি

ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিলে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এক রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ অনুমোদন দেয়। এর আগে হাইকোর্ট নির্বাচন কমিশনের আপিলের আবেদন খারিজ করেছিল।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুর আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ১৪ মে  আপিলের শুনানির দিন ধার্য করেন।   

এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ এবং সাংসদ নুরুল ইসলাম মনির আইনজীবীদের সংশোধিত বিবৃতি আদালতে পেশ করার পরিপ্রেক্ষিতে দু’জনকেই আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দেয়া হয়।

রিট আবেদনকারীদের পক্ষে নিয়োজিত কৌঁসুলি ড. কামাল হোসেন এবং ব্যারিস্টার এম আমিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, সুপ্রীম কোর্টের এ রায় হাইকোর্টের সিদ্ধান্তকেই বহাল রেখেছে।

তারা আরও বলেন, সুপ্রীম কোর্ট হাইকোর্টের রায়ের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি, তাই ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি হবে নির্বাচন কমিশন উপস্থাপিত আপিল আবেদনের পরিপূর্ণ শুনানির পর।

ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং বিএনপি সাংসদ নুরুল ইসলাম মনির আইনজীবীরা দায়িত্ব নিয়ে আদালতে বিবৃতি পেশ করায় মাননীয় আদালত অভিযুক্ত দু’জনকে স্যুয়োমোটো আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন।

প্রধান নির্বাচন কমিশনারের কৌঁসুলি বিচারপতি খন্দকার মাহবুব উদ্দিন জানান, যেহেতু হাইকোর্ট ভোটার তালিকা প্রণয়ণের ব্যাপারে কোনও স্থগিতাদেশ দেননি তাই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ২০০০ সালে প্রণীত তালিকার ভিত্তিতে ভোটার তালিকা প্রণয়ন করবে এবং এতে ১৮ বছর বা তদুর্দ্ধ ব্যাক্তিদের অন্তর্ভুক্তি এবং পাগল এবং মৃত ব্যাক্তিদের নাম বাদ দেবে, হাইকোর্ট প্রদত্ত রায়ে আলোকপাতকৃত পাঁচটি বিষয়ের মধ্যে এ দুটি বিষয়ে আমরা সুপ্রীম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নিই।

এর আগে আওয়ামী লীগের সাংসদ আব্দুল জলিল, অ্যাড. রহমত আলী, আসাদুজ্জামান নূর জানুয়ারির ৪ তারিখ হাইকোর্টে রিট আবেদন দায়ের করলে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভোটার তালিকা প্রণয়ন এবং রিট আবেদনের নিষ্পত্তি বিষয়ে পাঁচটি পর্যবেক্ষণ দেয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির ১ তারিখে সুপ্রীম কোর্টে  আপিল করে।

২৭ মার্চ আপিল বিভাগ বিচারপতি এমএ আজিজ এবং নুরুল ইসলাম মনির বিরুদ্ধে সুয়োমোটো আদালত অবমাননার অভিযোগ এনে এক চিঠিতে দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রতি অনাস্থার কথা উল্লেখ করে ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত বিষয়ে আপিলের আবেদন নাকচ করে দেয়।

শুনানিতে বাদী পক্ষের আইনজীবি হিসেবে মামলা পরিচালনা করেন, ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাড. মঞ্জিল মোর্শেদ, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, ব্যারিস্টার মঈন ফিরোজ, ব্যারিস্টার তানজীবুল আলম এবং ব্যারিস্টার সারাহ হোসেন।

নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এবং আব্দুর রাজ্জাককে সহযোগিতা করেন অ্যাড. এসআর খোশনবীশ এবং তৌফিক ইনাম টিপু ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান মামলাটি পরিচালনা করেন।