ইসি’র লিভ টু আপিলের রায় সোমবার
ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়েরকৃত লিভ টু আপিলের রায় সোমবার প্রদান করবে সুপ্রিম কোর্ট।
একই দিনে প্রধান নির্বাচন কমিশন বিচারপতি এমএ আজিজ ও বিএনপি সাংসদ নূরুল ইসলাম মনির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদালত অবমাননা সংক্রান্ত স্যুয়োমোটো রুলের ব্যাপারেও আদেশ জারি করা হবে।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম, বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠানের পর আদালত রায়ের তারিখ সোমবার নির্ধারণ করে।
আওয়ামী লীগ সাংসদ আব্দুল জলিল, সাংসদ অ্যাড. রহমত আলী ও সাংসদ আসাদুজ্জামান নূরের দায়ের করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৪ জানুয়ারি ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে পাঁচ দফা পর্যবেক্ষণসহ একটি আদেশ জারি করে।
হাইকোর্টের তিন দফা পর্যবেক্ষণের বিরুদ্ধে নির্বাচন কমিশন ১ ফেব্রুয়ারি একটি লিভ টু আপিল দায়ের করে। হাইকোর্টের পাঁচ দফায় বিদ্যমান ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকা প্রণয়ন করতে বলা হয়। এতে ১৮ বছরের বেশি বয়সের কাউকে বাদ না দেওয়া এবং মৃতদের তালিকা থেকে বাদ দিতে বলা হয়।
গত ২৭ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান নির্বাচন কমিশন বিচারপতি এমএ আজিজ এবং বিএনপি সাংসদ নুরুল ইসলাম মনির বিরুদ্ধে লিভ টু আপিলের সাথে একটি চিঠি জুড়ে দিয়ে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থা প্রদর্শন করার দায়ে একটি স্যুয়োমোটো আদেশ জারি করে।
