২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের মতো চারদলও বিএনপিকে দায়িত্ব দিলে আমরা সেভাবেই সিদ্ধান্ত নেবো: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সংস্কার প্রশ্নে আওয়ামী লীগের সর্বশেষ চিঠি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ১৪ দলের মতো চারদলও যদি বিএনপিকে এককভাবে আলোচনার দায়িত্ব দেয়, তবে আমরা সেভাবেই সিদ্ধান্ত নেবো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিবের সরকারি বাসভবনে চিঠির জবাব পৌঁছে দেন।

এ সময় মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চিকিৎসার খোঁজখবর নেন।

পরে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় চিঠির জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, চিঠির জবাব পেয়েছি। এখনো খুলে দেখিনি। চিঠি খুলে দেখে দলের নেত্রীর সাথে আলোচনা করবো।

তিনি বলেন, ১৪ দল আওয়ামী লীগকে এককভাবে সংস্কার ইস্যুতে আলোচনার দায়িত্ব দিয়েছে। কিন্তু চারদল সে দায়িত্ব বিএনপিকে দেয়নি। এ নিয়ে চারদলের সভায় আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। চারদলের সভার মত অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নেবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আলোচনায় না বসা পর্যন্ত চিঠি চালাচালি অথবা টেলিফোনে আলোচনা চলবে। আলোচনার মাধ্যমেই আমরা একটি সিদ্ধান্তে আসবো।