প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাড়ে চার কোটি টাকায় বিটিভি’র স্টুডিও
প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি পূর্ণাঙ্গ স্টুডিও নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে।
নিজ কার্যালয়ে বসে টেলিভিশনে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারের সুবিধার্থে অত্যাধুনিক এ সম্প্রচার স্টুডিওটি নির্মাণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০০৪ সালের প্রধানমন্ত্রীর তথ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিটিভি’র একটি পূর্ণাঙ্গ স্টুডিও নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের রাজস্ব বাজেট থেকে বাস্তবায়নাধীন এ স্টুডিও নির্মাণকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অন্তর্ভূক্ত করা হয়।
এ লক্ষ্যে ২০০৫ সালে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে এতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চারটি প্রতিষ্ঠান থেকে চারটি দরপত্র প্রস্তাব পাওয়া যায়।
একই বছরের ১০ অক্টোবর দরপত্র খোলার পর শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বি জে মারি লিমিটেডকে যোগ্য হিসেবে ঘোষণা করা হয়। বাকী তিনটি প্রতিষ্ঠানকে অযোগ্য (নন - রেসপনসিভ) ঘোষনা করা হয়।
বি জে মারির মূল্য তালিকা অনুযায়ী যন্ত্রপাতির দাম দুই কোটি ৬৪ লাখ টাকা। ওই যন্ত্রপাতির আমদানি করতে আরো এক কোটি ১০ লাখ টাকা শুল্ক ও কর বাবদ পরিশোধ করতে হচ্ছে।
এছাড়াও ভৌত অবকাঠামো নির্মাণের জন্য গণপূর্ত অধিদপ্তরকে ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে।
বিটিভি সূত্র জানায়, এরই মধ্যে যন্ত্রপাতির বেশিরভাগই দেশে পৌঁছে গেছে। স্টুডিওর ভৌত কাঠামোও নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে শব্দ নিরোধ, ইউপিএস ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, আলোকসজ্জা ও যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে।
আগামী ৩০ এপ্রিলের মধ্যেই স্টুডিওর যাবতীয় কাজ শেষ হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্টুডিওটি পরিচালনার জন্য ইতোমধ্যেই প্রকৌশলী ও টেকনিশিয়ানের বেশ কয়েকটি পদও সৃষ্টি করা হয়েছে।
এ ব্যাপারে বিটিভির প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ জানান, প্রথম দিকে ওই স্টুডিওতে প্রধানমন্ত্রীর ভাষণ রেকর্ড করে রামপুরা টিভি ভবন থেকে সম্প্রচার করা হবে।
“পরে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিটিভি ভবনের যোগাযোগ স্থাপিত হলে স্টুডিও থেকে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে,” তিনি বলেন।
তিনি বিস্তারিত জানতে বিটিভির উর্ধ্বতন প্রকৌশলী লতিফা চৌধুরীর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে লতিফা চৌধুরী এ ব্যাপারে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।
এরশাদ সরকারের সময় তদানীন্তন রাষ্ট্রপতির সচিবালয়ে ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদের দপ্তরের জন্য ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) সিস্টেম কেনা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে বিষয়টি বিএনপি সরকারের আমলে এরশাদ সরকারের দুর্নীতির শ্বেতপত্রে (অপ্রকাশিত) স্থান পায়।
প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়া সাধারণত প্রতি বছরই তার সরকারের বর্ষপূর্তিতে ১০ অক্টোবর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন। অন্য সময়ে তাকে জাতির উদ্দেশে ভাষণ দিতে দেখা যায়নি।
তবে সম্প্রতি শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান গ্রেফতার হওয়ার পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন।
