১৯ এপ্রিল বিদায় নিচ্ছেন দুই সিনিয়র নির্বাচন কমিশনার
আগামী ১৯ এপ্রিল নির্বাচন কমিশনের দুই সিনিয়র নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী ও এমএম মুন্সেফ আলীর মেয়াদ শেষ হচ্ছে।
বিধি মোতাবেক মেয়াদ শেষ হওয়ায় দিনই তারা নির্বাচন কমিশন থেকে বিদায় নিচ্ছেন বলে জানা গেছে।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে ২০০১ সালের ১৯ এপ্রিল সাবেক বিচারক এমএম মুন্সেফ আলী ও সাবেক আমলা একে মোহাম্মদ আলীকে নির্বাচন কমিশনে নিয়োগ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ নিয়োগ পাওয়ার পর থেকে ওই দুই নির্বাচন কমিশনারের সাথে মতবিরোধ শুরু হয়।
ফলে তাদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। মতবিরোধের কারণে বন্ধ হয়ে যায় নির্বাচন কমিশনের বিভিন্ন সভাও। সভা ছাড়াই সিইসি আজিজ একক সিদ্ধান্তে নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার উদ্যোগ নেয়। এ নিয়ে মতবিরোধ আরো চরম আকার ধারণ করে।
এক পর্যায়ে এ বিরোধ আদালত পর্যন্ত গড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশনের সচিব সম জাকারিয়া ও বিচারপতি মাহফুজুর রহমানকে নির্বাচন কমিশনার নিয়োগ করে। ওই দুই নির্বাচন কমিশনার নিয়োগের পর থেকেই সিইসি সংখ্যাগরিষ্টতা বলে কমিশনের কাজ চালিয়ে যান।
নির্বাচন কমিশন সূত্র আরো জানায়, নতুন দুই নির্বাচন কমিশনার নিয়োগের পর থেকে বর্তমান সিইসি বিদায়ী ওই দুই নির্বাচন কমিশনারের সাথে সভা বন্ধ করার পাশাপাশি তাদের যাবতীয় সুবিধাদি বন্ধ করে দেন।
১৬ এপ্রিল পর্যন্ত তাদের ওইসব সুবিধাদি আর ছাড় করা হয়নি বলে কমিশনার একে মোহাম্মদ আলীর ব্যক্তিগত সহকারি (পিএ) শেখ নাসিরউদ্দিন বিডিনিউজকে জানান।
তিনি জানান, তার দপ্তর থেকে একাধিকবার এ সংক্রান্ত বিভিন্ন বিল ও ভাউচার হিসাব শাখায় পাঠানো হলেও তাতে অনুমোদন পাওয়া যায়নি।
