সরকারি উদ্যোগে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও সংগ্রামী ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্র চলছে: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় স্বাধীনতার দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি চলছে। আমাদের সংগ্রামী জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংস করার লক্ষ্য নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। বিএনপি-জামাত জোট সরকার দেশকে ঠেলে দিয়েছে এক গভীর নৈরাজ্যের পথে।
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা এবারের মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধের মহত্তর অর্জনসমূহকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, আসুন আমরা সকালে মিলে, ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে সচেষ্ট হই।
শেখ হাসিনা আরও বলেন, গনতন্ত্র, আইনের শাসন এবং একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে আমাদের দায়িত্ববান হয়ে চলমান আন্দোলনকে চূড়ান্ত সাফল্যের পথে এগিয়ে নিতে হবে।
তিনি মুজিবনগরের বিপ্লবী সরকারের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত পরলোকগত এবং জীবিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনা কর্মকর্তা ও সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, বেসামরিক ব্যক্তিবর্গ, কূটনৈতিকবৃন্দ এবং বিদেশী বন্ধুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
