২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, আওয়ামী লীগের কর্মসূচি

সোমবার ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ -- সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে তিনি বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকারের মূল্যবান অবদানের কথা স্মরণ করেন।

১৯৭১ সালের এই দিনে সীমান্ত শহর মেহেরপুরের বৈদ্যনাথতলার আম বাগানে বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ বৈদ্যনাথতলা পরবর্তীতে মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। এখান থেকেই শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়।       

২৫ মার্চের কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানী হানাদারদের হাতে বন্দি হলে সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে  অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

তাজউদ্দিন আহমেদের প্রধানমন্ত্রীত্বে এই সরকার ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে বাংলাদেশের বিজয় সূচীত হওয়া পর্যন্ত নয় মাস দীর্ঘ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়।   

সরকার গঠনের পর পুলিশ’র একটি দল গার্ড অব অর্নার প্রদান করে। সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি হিসেবে এতে সালাম গ্রহণ এবং জাতীয় পতাকা উত্তোলন করেন।

মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে : ১৭ এপ্রিল ভোর ৬ টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।

ওইদিন বিকেলে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

এছাড়া মুজিবনগর স্মৃতিসৌধে সকাল ৯ টায় পুষ্পার্ঘ্য অর্পণ, পৌনে ১০টায় গার্ড অব অনার প্রদান এবং ১০টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।