২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ দিন পর চট্টগ্রামে ফিরলেন মীর নাসির; বিমানবন্দরে আবেগঘন পরিবেশ

সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন টানা চল্লিশ দিন সৌদি আরবে কাটানোর পর শনিবার নিজ শহর চট্টগ্রামে ফিরে এসেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

সৌদি আরবে সাবেক বিমান প্রতিমন্ত্রীর বড় বোন, স্ত্রী ও কন্যা এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

১২৪টি গাড়িতে আসা কয়েকশ’ মানুষ নাছির উদ্দিনকে গ্রহণ করতে শনিবার বন্দরনগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। এ সময় বিমানবন্দরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দরে উপস্থিত অনেকেই এসময় চোখের পানি আটকাতে পারেননি।

মীর নাছির বিমানবন্দরে পৌঁছার পর সেখানে উপস্থিত আত্মীয়স্বজন ও দলীয় কর্মীদের উদ্দেশে কথা বলার সময় তার গাল বেয়ে অশ্র“ ঝড়ে পড়তে দেখা যায়।

এ সময় তিনি বলেন, আমি আমার বড় বোন, স্ত্রী ও কন্যাকে হারিয়েছি। এখন আপনারাই আমার আত্মীয়স্বজন। আপনাদের সাথেই আমি আমার বাকি জীবন কাটাতে চাই।

তার আবেগপূর্ণ কথা শুনে দলীয় কর্মীরা চোখে পানি ধরে রাখতে পারেনি। পুরো বিমানবন্দরে শোকাতুর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দর থেকে নাছির সরাসরি বন্দরনগরীর চট্টেশ্বরী সড়কের তার আনসেল ম্যানশনে যান। সেখানে আসরের নামাজের পর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার নাছিরের বাড়িতে এক মেজবান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সৌদি আরবে উমরাহ পালনকালে চলতি বছরের ৫ মার্চ মদিনায় এক সড়ক দুর্ঘটনায় মীর নাছির সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও তার বড় বোন শাহসুন্নাহার, স্ত্রী ডালিয়া নাজনীন নাছির, বড় মেয়ে নুসরাত নাছির নিহত হন।