কানসাট হত্যাকাণ্ড ও রায় রমেশ চন্দ্রের ওপর হামলার নিন্দা জানিয়েছে শ্রমিক লীগ
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনরতদের ওপর গুলিবর্ষণ করে হত্যা ও জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতীয় শ্রমিক লীগ।
কানসাট হত্যাকা- ও রমেশ চন্দ্রের ওপর হামলার প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান আকন্দ।
এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশে অন্যানের মধ্যে হাবিবুর রহমান সিরাজ, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, রায় রমেশ চন্দ্র, তোফায়েল আহমেদ এবং রওশন জাহান সাথী বক্তব্য রাখেন।
রমেশ চন্দ্রের ওপর হামলার প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ রোববার সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান অতিথি আখতারুজ্জামান তার বক্তব্যে জোট সরকারের পুলিশ বাহিনী কর্তৃক বিদ্যুতের দাবিতে আন্দোলনরত কানসাটের জনগণকে নির্মমভাবে গণহত্যার তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিহত ও আহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
আখতারুজ্জামান শুক্রবার রাজধানীর সূত্রাপুর আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার আলিমুল্লাহ আলিমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
ক্ষমতাসীন বিএনপি’র সন্ত্রাসীরা শুক্রবার রায় রমেশ চন্দ্রের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে বলে জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংগঠনের ঢাকা মহানগর ৭৬ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক কমিশনার আলিম উল্লাহ্ আলিম এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ সরদারকে গুলি করে নৃশংসভাবে হত্যাসহ জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশকে হত্যার উদ্দেশ্যে হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, জোট সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগের ত্যাগী সংগঠক ও জনপ্রিয় নেতাদের একের পর এক হত্যা করছে। শুক্রবার রাতে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যা এবং রায় রমেশকে হত্যার প্রচেষ্টা সরকারের বর্বরতার নিকৃষ্ট নজির।
শেখ হাসিনা এ বর্বর হত্যাকা- এবং হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
