কানসাট থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার শুরু
সরকারের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ও পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের (পিবিইউএসপি) নেতা গোলাম রব্বানীর মধ্যকার শনিবারের আলাপ আলোচনার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট থেকে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেয়া শুরু হয়েছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট সরকারি কমিটি ও পিবিইউএসপি’র নেতা গোলাম রব্বানীর মধ্যে শনিবার মোবাইল ফোনে এ সংলাপ শুরু হয়। সংলাপে কানসাট থেকে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত হয়। নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের আদেশ শনিবার বিকেল সোয়া ৪টা থেকে কার্যকর শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রবিউল হাসান জানান, ওই এলাকা থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ এখন ক্যাম্পে অবস্থান করছে।
শনিবার বিকেলে আব্বাস বাজার ও ধোপপুকুরে বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশ সরিয়ে নেয়ায় তা শেষ পর্যন্ত আনন্দ মিছিলে পরিণত হয়।
সরকারগঠিত কমিটি শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে আসে। সেখান থেকে কমিটির সদস্যরা মোবাইল ফোনে গোলাম রব্বানীর সাথে কথা বলেন।
পিবিইউএসপি’র ১৪ দফা দাবি নিয়ে আলোচনা শুরুর আগে রব্বানী যে তিনটি শর্ত জুড়ে দিয়েছিলেন তার একটি হচ্ছে কানসাট থেকে পুলিশ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রত্যাহার। অন্য দুটি শর্ত হচ্ছে ১৪৪ ধারা ও কানসাটে ৬ এপ্রিলের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার।
বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মোবাইল ফোনে আলোচনা চলছিল।
গত এক সপ্তাহ ধরে এমনকি শনিবারের সকালেও কানসাটে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও শনিবার বিকেলে সেখান থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার শুরু হওয়ার সাথে সাথে উৎসুক জনতা সেখানে বিজয়ের আনন্দে মিছিল বের করে।
সরকারগঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন - সরকারের গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মিজানুর রহমান মিনু এবং চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনের বিএনপির সংসদ সদস্য সৈয়দ মনজুর হোসেন।
