২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ এপ্রিল যুব মহাসমাবেশ: যুবলীগের ব্যাপক প্রস্তুতি, সরকারের বিরুদ্ধে বানচাল চেষ্টার অভিযোগ

আগামী ১৮ এপ্রিল মঙ্গলবার ঢাকায় ঐতিহাসিক পল্টন ময়দানে অনুষ্ঠেয় যুব মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী যুবলীগ। একই সাথে তারা সরকারের বিরুদ্ধে মহাসমাবেশ বানচাল চেষ্টার অভিযোগ এনেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 03:26 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

যুবলীগের এ কর্মসূচিতে সারাদেশ থেকে পাঁচ লক্ষাধিক যুবক অংশ নেবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।

এদিকে ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে ১৪ দলের অবস্থান কর্মসূচি। এর ঠিক আগের দিন অনুষ্ঠেয় আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের বড় ধরনের কর্মসূচিতে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে আশংকা ব্যক্ত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি।

শনিবার যুবলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, মহাসমাবেশ বানচাল বা কোনও ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করা হলে সারাদেশ ‘কানসাটে’ পরিণত হবে।

বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা আজম জানান, যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে দেশের যুব সমাজের প্রতি দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সুশৃঙ্খল পরিবেশে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ দেশের প্রতিটি জেলা শাখাকে ১০ দফা নির্দেশনা সংবলিত সার্কুলার পাঠিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগত কোনও ব্যক্তি মাঠে দাঁড়িয়ে থাকতে পারবে না। সকলকে নির্দিষ্ট আসনে বসে অনুষ্ঠানে অংশ নিতে হবে। এছাড়া কোনও ধরনের ব্যানার নিয়ে কেউ মাঠে প্রবেশ করতে পারবে না।

জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান, বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে মুক্ত করার লক্ষ্যে দেশের চার কোটি যুবককে যুব আন্দোলনে সম্পৃক্ত করতে এবং যুব জাগরণ সৃষ্টির লক্ষ্যে যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্ব সারাদেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছুটে বেরিয়েছে।

তিনি বলেন, মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারণা এবং সাংগঠনিক কর্মকা- পরিচালনা কালে সরকার এবং জোট ক্যাডারদের নানান বাধা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠনের নেতা কর্মী ও সংগঠকদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেফতার অভিযানও চালানো হচ্ছে।

মাইক ব্যবহারের পূর্বানুমতি থাকা সত্ত্বেও শুক্রবার ঢাকায় হাজারীবাগ এলাকায় মাইকিং করার সময় বিএনপির ক্যাডাররা যুবলীগ নেতা এবং স্কুটার ড্রাইভারের ওপর আক্রমণ চালিয়েছে। তারা মাইকের সরঞ্জামাদি ভাংচুর এবং সঙ্গে থাকা টাকাপয়সা ও ঘড়ি ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা আজম।    

তবে তিনি বলেন, শত বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও মহাসমাবেশ সফল করে ১৮ এপ্রিল ঢাকায় যুব বিষ্ফোরণ ঘটানোর প্রত্যয় নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। রাজধানীসহ সারাদেশে মাইকিং, পোস্টার, ব্যানার ও দেয়াল লিখনসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। এ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বিশেষ অডিও এবং ভিডিও গীতিনাট্য।