কানসাটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তদন্ত দল; আতঙ্কিত ও শোকাতুর কানসাট
থমথমে আতঙ্ক ও শোকাতুর পরিবেশের মধ্য দিয়েই অতিবাহিত হচ্ছে কানসাটসহ আশেপাশের গ্রামগুলোর মানুষের জীবনযাত্রা। প্রশাসনের ১৪৪ ধারা ও আন্দোলনকারীদের লাগাতার হরতালে থমকে গেছে এ অঞ্চলের প্রাণচাঞ্চল্য।
এদিকে শুক্রবার কানসাট পরিদর্শন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তদন্ত দল।
কানসাটসহ আশপাশের গ্রাম এখনও জনশূন্য। সংঘর্ষ ও গ্রেফতারের ভয়ে অধিকাংশই গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছে কানসাট সংলগ্ন পাগলা নদীর ওপারে রাজার বাগান, পুঠিমারি বিলসহ বিভন্ন স্থানে। তবে এদের কেউ কেউ আতঙ্ক সত্ত্বেও বসতভিটার টানে শুক্রবার ফিরে এসেছে।
বুধবার পুলিশি তা-বের পর শুক্রবার কানসাট অনেকটাই শান্ত ছিল। চাঁপাই-সোনামসজিদ মহাসড়ক ও কানসাট-চককীর্তি সড়কে দেওয়া ব্যারিকেড সরানোর কোনও চেষ্টা করেনি পুলিশ।
এদিকে শুক্রবার কানসাট পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠিত তদন্ত দল। ড. কামাল হোসেনের নেতৃত্বে তদন্ত দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে প্রাক্তন সভাপতি মাহবুব এ আলম, মাহবুব আলী, জেডআই খান পান্না, গোলাম আশেক রুপম, সগির আনোয়ার, আবু হেনা কামাল, আব্দুর রউফ, মোস্তাফা মহসিন মন্টু, আব্দুর রউফ মান্নান, সিরাজ হাসান প্রমুখ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আব্বাস বাজারের একটি আম বাগানে সমাবেশের আয়োজন করা হয়।
জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ড. কামাল বলেন, কানাসাটে প্রশাসন আইন প্রয়োগ করছে বেআইনিভাবে। আমরা সর্বোচ্চ আদালতকে বিষয়টি জানিয়েছি।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিদ্যুৎ পান না, তাই বিদ্যুতের জন্য আন্দালন করছেন। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যান। কানাসটের এ আন্দোলনে জয় হবেই।
মহিলা ও শিশুদের নির্যাতনে নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা দেশকে কিছু দিতে চাই তাদের ওপর পুলিশ নির্যাতন চালায়। আর যারা মাস্তান, সন্ত্রাসী, লুটপাট করেছে তাদের এ সরকার সমর্থন করছে।
তিনি নির্যাতিত ও যারা নির্যাতনকারী তালিকা তৈরির পরামর্শ এবং আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, স্থানীয় এমপি শাহজাহান মিয়াও আইনের ঊর্ধ্বে নয়। দেশের সংবিধান অনুযায়ী তারও বিচার করা হবে।
পরে ড. কামাল হোসেন চককীর্তির আরও একটি জনসভায় বক্তব্য রাখেন।
