নতুন বছরে দুঃশাসনের কবল থেকে মানুষ মুক্তি পাক: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নতুন বছরে জোট সরকারের দুঃশাসন থেকে জাতি মুক্তি পাবে, আমি এই কামনা করি।
ধানম-ির বাসভবন সুধাসদনে শুক্রবার সকালে দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শেখ হাসিনা এ কথা বলেন।
দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে বিরোধী দলীয় নেতা বলেন, জনগণ আজ জোট সরকারের অত্যাচার নির্যাতন, দ্রব্যমূল্যের চরম উর্ধগতি এবং বিদ্যুত, সার, ডিজেলসহ নানা সংকটে অতীষ্ঠ। দেশের মানুষ এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি চায়।
তিনি বলেন, চাল ডাল তেল লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। প্রতিটি সংসারে আজ টানাটানি চলছে। এই অবস্থায় মানুষ আর সংসারের ঘানি টানতে পারছে না।
নতুন বছরের প্রত্যাশার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নতুন বছর মানুষের জন্য নতুন বার্তা নিয়ে আসে। বাংলা নববর্ষে মানুষের জীবনে মুক্তি আসবে, জোট দুঃশাসনের কবল থেকে মানুষ মুক্তি পাবে -- আমি সেই কামনা করি।
এর আগে আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ দলীয় প্রধান শেখ হাসিনার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা সমাজের বিভিন্ন স্তরের নারী পুরুষ ও শিশুদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
আওয়ামী লীগ সভানেত্রী সকলকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।
পহেলা বৈশাখের আনন্দঘন দিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আসা একদল শিশু কিশোর ‘এসো হে বৈশাখ, এসো এসো’ সহ বিভিন্ন দেশাতœবোধক গান গেয়ে শোনায়। তিনিও কণ্ঠ মেলান শিশুদের সঙ্গে।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে ধানম-ির সুধাসদন এবং এর আশপাশের এলাকা হাজার নেতা কর্মী এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে আসা সাধারণ মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যে রংবেরঙের পোশাক পরে আনন্দঘন পরিবেশে তারা প্রিয় নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন।
