২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংক্রান্ত লিভ টু আপিল: সুপ্রিম কোর্ট সোমবার রায় দেবেন

 সুপ্রিম কোর্ট ১৭ এপ্রিল সোমবার ভোটার তালিকা প্রণয়নের ওপর হাইকোর্টের জারিকৃত রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা লিভ টু আপিলের রায় ঘোষণা করবেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আপিল বিভাগ একই দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ও ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনির বিরুদ্ধে আদালতের স্যুয়োমোটো অবমাননা রুলের রায়ও প্রদান করবেন।

সংশ্লিষ্ট পক্ষের কৌসুলির আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চটি ১৭ এপ্রিল সোমবার রায়ের দিন ধার্য করেন।

ইসি ও সিইসির কৌসুলিরা আদালতকে জানান, বিদ্যমান ভোটার তালিকার ওপর নির্ভর করে নতুন ভোটার তালিকা তৈরি করা বেআইনি নয়। কেননা, প্রতিটি বাড়ি পরির্দশন করে ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয়।

স্যুয়োমোটোর ব্যাপারে কৌসুলিরা আদালতকে জানান, ২৭ মার্চ আপিল বিভাগের জারি করা আদেশে কিভাবে আদালত অবমাননা সংঘটিত হয়েছে তা বলা হয়নি।

এদিকে প্রকৃত রিট আবেদনকারীদের কৌসুলিরা প্রধান বিচারপতির আদালতকে জানান, হাইকোর্ট সংশ্লিষ্ট আইনের সাথে সামঞ্জস্য রেখে ভোটার তালিকা তৈরি করার ওপর রায় প্রদান করেছিলেন।

তারা বলেন, ভোটারদের নাম তালিকাভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। বিদ্যমান ভোটার তালিকাকে এড়িয়ে নতুন ভোটার তালিকা তৈরির ব্যাপারে আইনের কোন ধারা নেই।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৭ মার্চ আদালত অবমাননার অভিযোগে সিইসি ও সাংসদ মনির বিরুদ্ধে স্যুয়োমোটো রুল জারি করেন। ভোটার তালিকা তৈরির ওপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের সাথে চিঠি জুড়ে দেওয়ার মাধ্যমে দেশের ‘সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থা’ প্রদর্শন করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না সে ব্যাপারে আদালত জানতে চান। সেই সাথে আদালত ৯ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল জলিল, অ্যাডভোকেট রহমত আলী ও আসাদুজ্জামান নূর  ২০০৫ সালের ১২ ডিসেম্বর দুই নির্বাচন কমিশনারের সম্মতি ব্যতিরেকে প্রধান নির্বাচন কমিশনারের নতুন ভোটার তালিকা প্রস্তুতকরণের সিদ্ধান্ত এবং রাজনৈতিক বিবেচনায় স্টাফ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্’ুটি রিট আবেদন দাখিল করেন।

রিট আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ৪ জানুয়ারি হাইকোর্ট পাঁচদফা অভিমত দিয়ে রায় প্রদান করেন। নির্বাচন কমিশন হাইকোর্টের তিন দফা অভিমতকে চ্যালেঞ্জ করে ১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।

ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাডভোকেট মনজিল মুরশিদ, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, ব্যারিস্টার মঈন ফিরোজী, ব্যারিস্টার তানজিবুল আলম এবং ব্যারিস্টার সারাহ হোসেনের সহায়তায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমির উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ প্রকৃত রিট আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। অ্যাডভোকেট এসআর খোশনাবিশ ও তৌফিক ইনাম টিপুর সহযোগিতায় অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে মামলা পরিচালনা করেন। অপরদিকে রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক।