২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ এপ্রিলের কর্মসূচির মধ্য দিয়ে সরকার বিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ নেবে: নাসিম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সচিবালয় ঘেরাও’এর মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনের চুড়ান্ত রূপ দেয়া হবে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

 ওইদিনের কর্মসূচী বানচাল করার চেষ্টা করা হলে লাগাতার আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।

বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারী হাইস্কুল মাঠে বৃহস্পতিবার গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

মোহাম্মদ নাসিম বলেন, জোট সরকার আদৌও তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার চায়না, তারা চিঠি চালাচালির মাধ্যমে সময় ক্ষেপণ করে ১৪ দলের আন্দোলন থামিয়ে দিতে চায়; কিন্তু আওয়ামী লীগ তাদের সে ফাঁদে পা দেবে না।

তিনি বলেন, জোট সরকার একদিকে ক্রসফায়ারের নামে, অন্যদিকে বাংলাভাই, শায়খ রহমানকে দিয়ে বোমা মেরে মানুষ হত্যা করেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্যের উর্ধগতির নিন্দা জানিয়ে বলেন, জোট সরকার দ্রব্যমূল্যের উর্ধগতি থামাতে পারছেনা, এর কষাঘাতে মানুষ যখন জর্জরিত তখন এমপি-মন্ত্রীরা দূর্নীতির মাধ্যমে কোটি টাকার সম্পদের পাহাড় গড়ছে।

তিনি কানসাটে বিদ্যুতের দাবীতে আন্দোলনরত জনতাকে হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সেখানকার জনগণ যখন বিদ্যুতের দাবীতে আন্দোলন করছে, তখন সরকার সমস্যার সমাধান না করে পুলিশের মাধ্যমে নির্বিচারে গুলি করে পাখির মত মানুষ হত্যা করছে।