রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ, বাংলাদেশের প্রশংসা
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিজ প্যাট্রিসিয়া বিউটেনিস বৃহস্পতিবার বলেছেন, সন্ত্রাসী হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে যে সাফল্য অর্জিত হয়েছে সেজন্য বাংলাদেশ গর্ব করতে পারে।
“বাংলাদেশে বিগত বছরের কিছু ঘটনা এটাই দেখিয়েছে যে জঙ্গীবাদী সহিংসতা আমাদের সবার জন্যই একটি হুমকি। আমি জানি এই চরমপন্থীরা বাংলাদেশী সমাজের প্রতিনিধিত্ব করে না। কারণ এই সমাজ তার বৈচিত্র্য এবং সহনশীলতার জন্য সুবিদিত”, বঙ্গভবনে বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে পরিচয়পত্র প্রদানকালে এই বক্তব্য পেশ করেন।
বিউটেনিস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশাল ভৌগলিক দূরত্ব সত্ত্বেও আমাদের মধ্যে রয়েছে অনেক অভিন্ন মূল্যবোধ। এসব মূল্যবোধের মধ্যে রয়েছে পরিবার, গণতন্ত্র, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন।
বাংলাদেশে অবস্থানকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সম্পর্ক শক্তিশালী, সম্প্রসারণ, এবং গভীরতর করার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, এ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অভিন্ন প্রচেষ্টার ওপর ভিত্তি করে রচিত। সন্ত্রাসবাদ মোকাবিলা, গণতন্ত্র শক্তিশালী করা, দারিদ্র হ্রাস এবং অর্থনৈতিক সমৃদ্ধি বিকাশের লক্ষ্যে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়ার ক্ষেত্রে আমি অঙ্গীকারাবদ্ধ।
সর্বসাম্প্রতিক সার্ক শীর্ষ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়াটা সময়োচিত হয়েছে বলে উল্লেখ করে বিউটেনিস বলেন, ব্যাপকতর আঞ্চলিক সহযোগিতা প্রসারে বাংলাদেশ দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে শান্তিরক্ষা কর্মসূচীতে অবদানের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাইরেও বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিত করার কাজে ভূমিকা রেখেছে।”
গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয়েরই দৃঢ় অঙ্গীকার রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি বলেন, “বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র উভয়েই অর্থনৈতিক মুক্তির প্রতি অঙ্গীকারাবদ্ধ। দুটি দেশই নাগরিকদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিতে চায় এবং জনগণের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে সরকার ও ব্যবসায়ী সম্প্রদায়কে বাজার অর্থনীতির মাধ্যমে কাজ করতে দিতে আগ্রহী” ।
শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, শিক্ষার প্রতি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সুগভীর শ্রদ্ধা রয়েছে। শিক্ষা কেবল ব্যক্তি বিশেষকে পরিপূর্ণ এবং ফলপ্রসু জীবন যাপনের জন্য উন্নততর সুযোগ কাজে লাগানোর পথ করে দেয় না, শিক্ষা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ।
তিনি আরও বলেন, বালক এবং বালিকাদের প্রাথমিক শিক্ষার সমান সুযোগ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ এ অঞ্চলের শীর্ষস্থানে অবস্থান করছে। একটি শিশুর প্রারম্ভিক বছরগুলোই হচ্ছে তার মেধা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কর্মসূচী শিশুদের প্রাথমিক শিক্ষাকে যথাযথ সহযোগিতা প্রদানের লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি ।
বাংলাদেশে তার উষ্ণ সংবর্ধনা ও বাংলাদেশীদের আতিথেয়তার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
