২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি এমএ আজিজ ও বিএনপি সাংসদ মনির বিরুদ্ধে আদালত অবমাননা রুলের শুনানি অনুষ্ঠিত

সিইসি এমএ আজিজ ও বিএনপি সাংসদ নুরুল ইসলাম মনির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জারিকৃত স্যুয়োমোটো রুলের শুনানি সোমবার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আপিল বিভাগে একই দিনে ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের দায়ের করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল ইসলামের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার পরবর্তি শুনানির দিন ধার্য করে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৭ মার্চ আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার ও সাংসদ নূরুল ইসলাম মনির বিরুদ্ধে স্যুয়োমোটো রুল জারি করে। ওই রুলে প্রধান নির্বাচন কমিশনার এবং নূরুল ইসলাম মনির বিরুদ্ধে লিভ টু আপিলের সাথে একটি চিঠি জুড়ে দিয়ে দেশের ‘সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থা’ প্রদর্শন করায় কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, ৯ এপ্রিলের মধ্যে তার কারণ দর্শানোর আদেশ প্রদান করে।

সিইসি বিচারপতি এমএ আজিজ এবং ক্ষমতাসীন বিএনপি সরকারের সাংসদ নুরুল ইসলাম মনি রোববার তাদের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের দেওয়া আদালত অবমাননার আদেশের জবাব প্রদান করেন। জবাবে তারা তাদের বিরুদ্ধে জারিকৃত রুল প্রত্যাহার করে আদালত অবমাননার দায় থেকে মুক্তি দেওয়ার জন্যে আপিল বিভাগের কাছে আবেদন জানান।

সাংসদ নুরুল ইসলাম মনি’র পক্ষের কৌঁসুলী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার আবেদনে বলেন, নুরুল ইসলাম মনি আপিল বিভাগের বিচার প্রক্রিয়াধীন বিষয়ে কোনও অবমাননাকর মন্তব্য করেননি এবং বিচার বা আদালতের আদেশের ব্যাপারে আগাম কোনও মন্তব্যও করেননি।

এদিকে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী আদালতে অভিযোগ করেন, সিইসি এমএ আজিজ ও সাংসদ মনির বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টি অবহিত করে সুপ্রিম কোর্ট তাকে কোনও নোটিশ পাঠায়নি। তার এ অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দেখায় যে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের জনৈক কর্মচারি শাহিদা নোটিশটি গ্রহণ করেন।

এর আগে অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ আদালতকে জানান, আপিল বিভাগের ২৭ মার্চের জারিকৃত রুলে আবেদনকারী কীভাবে আদালত অবমাননা করেছে, সে ব্যাপারে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ সোমবার ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন।

লিভ টু আপিলে তিনি বলেন, বিদ্যমান তালিকা ধরে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার গণনা করা সম্ভব নয় বিধায় বিদ্যমান ভোটার তালিকার ওপর ভিত্তি করে ভোটার তালিকা প্রণয়নের বিষয়টি আইনসম্মত নয়।

ব্যারিস্টার আমীর--উল ইসলাম মূল আবেদনকারীদের পক্ষে আদালতে তার বক্তব্য উপস্থাপন শুরু করলে শুনানি মূলতবি করা হয় এবং বুধবার পরবর্তি শুনানির দিন ধার্য করা হয়।

আদেলতে আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আমীর--উল ইসলাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাড. মনজিদ মুরশিদ, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার তানজিবুল আলম এবং ব্যারিস্টার মঈন ফিরোজী।

অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাড. টিএইচ খান। বিচারপতি এমএ আজিজের পক্ষে ছিলেন অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ। তাকে সহযোগিতা করেন অ্যাড. এসআর খোশনবিশ এবং অ্যাড. তৌফিক ইনাম টিপু। সাংসদ নূরুল ইসলাম মনির পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।