বিএনপি এখন আদর্শচ্যুত হয়ে পড়েছে: সংস্কার ইস্যুতে শুধু আ.লীগ ও বিএনপির মধ্যে আলোচনা হতে পারে না: বি. চৌধুরী
বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক (ডা.) একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে শুধুমাত্র আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনা হতে পারে না। আমরা এ ব্যাপারে একটি ইতিবাচক পরিবর্তন চাই।
তাই আলোচনা করতে হলে ছোট - বড় যাই হোক, সংসদে যাদের প্রতিনিধিত্ব রয়েছে তাদের সকলকেই রাখতে হবে। এক্ষেত্রে বিকল্প ধারা ও জাতীয় ঐক্যমঞ্চকেও আলোচনায় রাখা উচিত বলে তিনি মনে করেন।
বিডিনিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, বিরোধী দলের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন ইস্যুতে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। বিকল্প ধারা ও জাতীয় ঐক্যমঞ্চ এর সাথে সংসদসহ রাজনৈতিক সংস্কারেরও প্রস্তাব করেছে। এতে বিষয়গুলো আরো পরিস্কার করা হয়েছে।
এ সংস্কারের দাবি কোনো দলের জন্যে নয়, এটা হচ্ছে জনগণের জন্যে। তাই এককভাবে কোনো দলের সাথে আলোচনায় এর সুষ্ঠূ সমাধান সম্ভব নয়। সকল দলের সাথেই আলোচনা করতে হবে। প্রয়োজনে আমাদের এই প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে।
সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব থাকলেও তাদের আলোচনায় না রাখতে আওয়ামী লীগের দাবিকে সমর্থন করে তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্ব থাকলেই তো সব হয় না। যারা স্বাধীনতা বিরোধী, দেশের মৌলিক নীতিতেই যাদের বিশ্বাস নেই তারা প্রতিনিধি হয় কি করে?
বিকল্প ধারা ও জাতীয় ঐক্যমঞ্চের রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে বি চৌধুরী বলেন, আমরা জাতীয় সংসদের আসন ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ করার প্রস্তাব দিয়েছি। এর মধ্যে ৩০০ আসনে সরাসরি নির্বাচন হবে। বাকী ১০০ আসনের প্রতিনিধি নির্বাচন হবে ভোটের আনুপাতিক হারে।
বিষয়টি পরিস্কার করে তিনি জানান, সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়ই প্রতিটি দলকে তাদের ১০০ জন করে প্রতিনিধির নামের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। সাধারণ নির্বাচনের ফলাফলে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে প্রতিটি দল থেকে জমা দেওয়া তালিকার ক্রম অনুসারে প্রতিনিধি নির্বাচিত হবেন।
তিনি বলেন, আমাদের প্রস্তাবে সংসদের স্পিকারকে নিরপেক্ষ রাখার প্রয়োজনে পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব রাখা হয়েছে। যেনো তিনি কোনো দলের প্রতি আনুকুল্য না দেখান। একই সাথে ডেপুটি স্পিকার হিসেবে সরকারি ও বিরোধী দল থেকে একজন করে মোট দুজনকে নির্বাচন করার প্রস্তাব করা হয়েছে।
দেশে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের উপায় প্রসঙ্গে তিনি বলেন, সংকট উত্তরণের একমাত্র উপায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারসহ বিরোধী দলের দাবি মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
সংস্কার প্রস্তাবের ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একদিকে সরকার আলোচনার নামে বিরোধী দলের সাথে চিঠি চালাচালি করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংস্কারের প্রয়োজন নেই বলে বক্তব্য রাখছেন।
সরকারের সাফল্য ও ব্যর্থতার প্রশ্নে সাবেক রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার দেশের মানুষকে কিছুই দিতে পারে না। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটে দেশের মানুষ চরম অবস্থার রয়েছে। উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এ বছর উত্তরাঞ্চলে ২০০০ কোটি টাকার ফসল কম উৎপাদন হবে। এটা সরকারের ব্যর্থতা।
তিনি বলেন, একদিকে সরকার দেশের জনগণের চাহিদা পূরণ করতে পারছে না। অন্যদিকে ন্যায্য পাওনার দাবিতে যারা আন্দোলন করছে, তাদের গুলি করে হত্যা করছে। দেশের জনগণের টাকায় সরকারের ভাবমূর্তি উদ্ধারে বিদেশে লবিস্ট নিয়োগ করা হয়েছে। দেশের মানুষের টাকা দিয়ে সরকারের ভাবমূর্তি উদ্ধারের কোনো অধিকার তাদের নেই। এ কারণে তাদের এখনই পদত্যাগ করে নির্বাচন দেওয়া উচিত।
ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার এক মূহুর্ত আগেও ক্ষমতা না ছাড়ার প্রধানমন্ত্রীর ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, এটা কোনো দেশপ্রেমিক রাজনীতিকের কথা হতে পারে না। তারা জনগণের চাহিদা পূরণ করতে না পারলেও ক্ষমতায় থেকে জনগণের সম্পদ লুটপাট করতে চায়। কিন্তু যতদিন যাচ্ছে ততই প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের জনপ্রিয়তার ব্যারোমিটার নিচের দিকে নামছে।
বিরোধী দলের সাফল্য ও ব্যর্থতার সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, আমরাও বিরোধী দলে রয়েছি। সকল বিরোধী দল মিলে আমরা একটি দানব সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের সাফল্য ও ব্যর্থতার বিচার জনগণই করবে।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকার লুটপাট শেষ করে এখন আগামী নির্বাচনে বিজয়ী হলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলছে। কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে ভূল করেনা। আর ক্ষমতাসীনরা কখনোই ক্ষমতায় ফিরে আসতে পারে না। এবারো একই অবস্থার পূনরাবৃত্তি হবে, জনগণের প্রতি সেই আস্থা আমাদের রয়েছে।
এক প্রশ্নের জবাবে বিকল্প ধারা সভাপতি অধ্যাপক বি চৌধুরী বলেন, বিএনপি এখন আর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে নেই। তার আদর্শ থেকে বিএনপি এখন অনেক দুরে। তারা আদর্শচ্যূত হয়ে পড়েছে।
সাবেক রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিকল্প ধারার শান্তি সুখের দেশ গড়ার রাজনীতি দেশে প্রতিষ্ঠিত হলেই একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যা বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রত্যাশা ছিল। সেইদিন আর বেশি দুরে নয়।
