সংস্কার ইস্যুতে আলোচনা অনিশ্চিত, প্রধান বাধা জামায়াত, ১ম লিড
ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
ফলে দুই দলের মধ্যে ওইসব ইস্যুতে আলোচনার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
বুধবার বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার পক্ষ থেকে দেওয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৬ এপ্রিলের চিঠির জবাবে এ বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে।
বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়ার দেওয়া চিঠিতে আব্দুল জলিলের উদ্দেশে বলা হয়েছে, ৬ এপ্রিলের চিঠিতে এমন কিছু বিষয়ের অবতারণা করা হয়েছে, যেগুলো আলোচ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। আমাদের মধ্যে অনুষ্ঠেয় আলোচনার মূল বিষয় আগামী জাতীয় নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।
এতে আরো বলা হয়, আপনাদের পক্ষে কারা আলোচনায় অংশ নেবেন, সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের পক্ষ থেকে কারা আলোচনায় অংশ নেবেন, সে ব্যাপারেও আপনাদের মতামত চাপিয়ে দেওয়া উচিত হবে না।
তার দেওয়া আগের চিঠির বিষয়ে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আলোচনায় যারাই অংশ নেবেন, তারা নীতি নির্ধারণী পর্যায়ের এবং সরকারের পক্ষে অংশগ্রহণকারী নেতাদের সমপর্যায়ের হবেন।
চিঠিতে তিনি আলোচনার বৃহত্তর স্বার্থে দ্রুত ১৪ দলের প্রতিনিধিদের নাম পাঠানোর আহ্বান জানান।
চিঠি হস্তান্তরের পর বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া তার বেইলি রোডের বাসভবনে সাংবাদিকদের বলেন, আলোচনা হবে চারদলীয় জোট ও ১৪ দলীয় জোটের মধ্যে। ১৪ দল কাকে প্রতিনিধি মনোনীত করবে, সেটি তাদের ব্যাপার। কিন্তু আমাদের ব্যাপারে তাদের কোনো মতামত দেওয়া উচিত নয়।
তিনি চিঠির ব্যাপারে ১৪ দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার প্রকাশ করে তিনি বলেন, আলোচনা শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখানে অন্য কোনো বিষয়ের সম্পৃক্ততার সুযোগ নেই। তারা যত দ্রুত তাদের নাম দেবেন, তত শীঘ্রই আলোচনা শুরু করা যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলোচনার ভবিষ্যত প্রসঙ্গে তিনি বলেন, এই চিঠি আদান--প্রদানও এক ধরনের আলোচনা। তবে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।
এর আগে বুধবার বিকেল ৩ায় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এবং সহ প্রচার সম্পাদক আহমেদ মুসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দলীয় মহাসচিবের চিঠি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে যান।
তারা সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি হস্তান্তর করেন। আব্দুল জলিল অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, উপ দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন ও সহ সম্পাদক এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।
চিঠি গ্রহণ করে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, চিঠি এখনো খোলা হয়নি। রাতে ১৪ দলের সভায় চিঠিটি খোলা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ স্পষ্ট করেই বলেছে, জঙ্গিবাদ ও মৌলবাদের সাথে যোগসূত্র থাকায় জামায়াত থাকলে আওয়ামী লীগ ও ১৪ দল আলোচনায় বসবে না।
এর আগে ৬ এপ্রিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল তার চিঠিতে প্রস্তাব করেন, বিতর্ক এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানে আসতে আলোচনার জন্যে শুধু বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করতে হবে।
মান্নান ভূঁইয়া তখনও বলেছিলেন, আলোচনায় সকল দলেরই শরিকদের প্রতিনিধিত্ব থাকা উচিত।
দুদলই অনড় অবস্থান নেওয়ায় এ পর্যায়ে আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।
