২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা - নিজামী ইসলামের নামে দেশে দস্যু সরকার কায়েম করেছে : বি চৌধুরী

বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, খালেদা - নিজামী সরকার ইসলামের নামে ক্ষমতায় এসে জাতির ওপর অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। তারা দেশে দস্যু সরকার কায়েম করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) আয়োজিত ঈদ - ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় মঙ্গলবার তিনি একথা বলেন।

বিটিএফ চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় ঐক্যমঞ্চের আব্দুর রউফ, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, বিটিএফের মহাসচিব মাওলানা জাকির হোসাইন, সৈয়দ গোলাম মুসাব্বির হোসাইনী, সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

অধ্যাপক বি চৌধুরী বলেন, ওলি - আউলিয়াদের উছিলায় দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু খালেদা - নিজামীর সরকার দেশে জেএমবি সৃষ্টি করে মাজার ও দরগায় বোমা মেরেছে। তারা মাজার ও দরগাহ ধ্বংস করার চেষ্টা করছে। এখন ওরা নিজেরাই গজবে নিপতিত হয়েছে।

নজিবুল বশর মাইজভান্ডারি মওদুদীবাদী জামায়াতের হাত থেকে দেশকে রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা আগামী নির্বাচনে বিএনপি - জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোটকে পরাজিত করার শপথ নেন।