সরকার অপকীর্তি ঢাকতে দেশের মানুষের টাকায় বিদেশে দালাল ভাড়া করেছে: বি চৌধুরী
বিকল্প ধারা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকার তাদের ব্যর্থতা, দুর্নীতি ও অগণতান্ত্রিক কর্মকান্ডসহ বিভিন্ন অপকীর্তি ঢাকতে দেশের মানুষের টাকায় বিদেশে দালাল ভাড়া করেছে।
“দলের স্বার্থে মানুষের টাকা দালালের পেছনে খরচ করার অধিকার তাদের নেই,” তিনি বলেন।
সোমবার বিকল্প ছাত্রধারার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ‘সরকারের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে দালাল নিয়োগের’ তীব্র নিন্দা জানান।
ঢাকার কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ছাত্রধারার সভাপতি মনোয়ার আলী রিশুর সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জাতীয় ঐক্যমঞ্চের নেতা আব্দুর রউফ, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, বিকল্প ধারার এমএ হালিম, ফিরোজ এম হাসান, নূরুল আমীন পাটোয়ারী, সাংসদ মাহী বি চৌধুরী, এটিএম কামাল, মোড়ল আমজাদ হোসেন, জাতীয় ছাত্রধারা সাধারণ সম্পাদক জাকিরুল রহমান পিকুল প্রমুখ।
অনুষ্ঠানে বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক শেখ ফারুকের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী ছাত্রধারায় যোগ দেন।
অধ্যাপক বি চৌধুরী বলেন, দেশে আজ চরম সংকট বিরাজ করছে। এ অবস্থার জন্য সরকারের ব্যর্থতা ও দুর্নীতি দায়ী।
এ সংকট উত্তরণে তিনি তরুণ ও ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ব্যর্থ সরকারকে রুখতে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে তাদের প্রতিহত করতে হবে।
তিনি অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচন হয়নি ১৭ বছর। “এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। দেশের রাজনৈতিক চিন্তাধারা ও নেতৃত্ব বিকাশের অন্তরায় সৃষ্টির জন্য এটা করা হয়েছে।”
সাবেক রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার শুধু অগণতান্ত্রিক নয়, গণতন্ত্রবিরোধী। “এরা শুধু সন্ত্রাসী ও দুর্নীতিবাজ নয়, সব দিক দিয়েই ব্যর্থ সরকার। তারা দেশের মানুষকে গ্যাস, পানি বা বিদ্যুত কিছুই দিতে পারে না।”
নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আগামী নির্বাচনে বিএনপি জামাত জোট সরকার আর ক্ষমতায় আসতে পারবে না।
“তাদের ১০০ থেকে ১২০টি আসনে আমরা রুখে দিতে পারবো। সেই জনবল ও শক্তি আমাদের রয়েছে। তাই তাদের নিয়ে ভাবছি না। আগামী দিনের ক্ষমতা ও রাজনীতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে,” তিনি বলেন।
পরে মনোয়ার আলী রিশুর নেতৃত্বে একটি আনন্দ র্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
