২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের স্থায়ী কমিটির ৫ম বৈঠক মঙ্গলবার ঢাকায় শুরু

সার্কের স্থায়ী কমিটির ৫ম বিশেষ অধিবেশন মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

আফগানিস্তানকে সার্কের নতুন সদস্য করার জন্যে প্রয়োজনীয় নথিপত্রের খসড়া এবং পর্যবেক্ষক সদস্য গ্রহনের নির্দেশিকা চূড়ান্ত করার লক্ষ্যেই এ বৈঠক বসছে।

বৈঠক প্রসঙ্গে ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেন, এ বৈঠকের মধ্যে দিয়ে আমরা যৌথ ঘোষণাও চূড়ান্ত করার ব্যপারে আশাবাদী। ২০০৭ সালে ভারতে অনুষ্ঠেয় ১৪শ সার্ক শীর্ষ সম্মেলনে এ ঘোষনার একদিকে সাত দেশের সরকার প্রধানগণ স্বাক্ষর করবেন এবং অপর পাশে স্বাক্ষর করবেন আফগানিস্তানের প্রেসিডেন্ট।

গত বছরের নভেম্বরে ঢাকায় ১৩তম শীর্ষ সম্মেলনে অফগানিস্তানকে নতুন সদস্যপদ প্রদান এবং চীন ও জাপানকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্টও ও দক্ষিণ কোরিয়াও সার্কের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের কাছে আঞ্চলিক এ গ্র“পটির পর্যবেক্ষক সদস্য হতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

সার্কের সাথে এসব দেশের সম্পৃক্ততার বিভিন্ন দিক নিয়ে আসন্ন বৈঠকে আলোচনা হবে, হেমায়েতউদ্দিন জানান।

তিনি বলেন, আমরা আশাকছি ঐকমত্যের ভিত্তিতে একটি পথ বের করা আনা সম্ভব হবে।

কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশদুটোর নিজ নিজ অবস্থান বিচার করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

দুইদিনের বৈঠকের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন।

ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও ভুটানের পররাষ্ট্র সচিব এবং ঢাকায় মালদ্বীপের রাষ্ট্রদূত বৈঠকে অংশ নেবেন।