সরকার নির্বাচনের আগে ব্যর্থতা ঢাকতে আমেরিকায় লবি নিয়োগ করে বিপুল টাকা অবৈধভাবে খরচ করছে: আ. লীগ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করেছে, বিএনপি জামাত জোট সরকার ক্ষমতার শেষ বছরে এসে নির্বাচনের আগ মুহূর্তে তাদের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে শুধু ব্যক্তিগত ও জোটের স্বার্থ রক্ষায় গোপনে আমেরিকায় লবি নিয়োগ করে রাষ্ট্র ও জনগণের কোটি কোটি টাকা অবৈধভাবে খরচ করছে।
বিপুল অর্থের বিনিময়ে ‘মিথ্যে ইমেজ সৃষ্টি’ করে অবৈধ পন্থায় নির্বাচিত হয়ে বহির্বিশ্বের কাছে ওই ফলাফল গ্রহণযোগ্য করার জন্যে জোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের এটি একটি অপকৌশল বলেও উল্লেখ করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী রোববার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করে বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা হাওয়া ভবন-- কার সিদ্ধান্তে এই অনৈতিক কাজ করা হচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। তবে যার সিদ্ধান্তেই এটি করা হোক না কেন, সংশ্লিষ্টরা অবশ্যই আইনের চোখে অপরাধী। তারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবে। তাই দুর্নীতি দমন কমিশনকে এ ব্যাপারে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, জোটের সীমাহীন দুর্নীতি ঢাকতে আরেক দুর্নীতির আশ্রয় নিয়ে জনগণের অর্থ সম্পদ খরচের জবাব এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা সরকারকে অবশ্যই দিতে হবে। জোটের ভাবমূর্তি রক্ষার চেষ্টার জন্যে এতো বিপুল অর্থের বিনিময়ে দেশের জনগণ কী পেল, তা--ও বলতে হবে সরকারকে।
তিনি জানান, মোটা অংকের বিনিময়ে চুক্তির মাধ্যমে লবিস্ট নিয়োগ করে জোট সরকার মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং জঙ্গিবাদের দায় থেকে মুক্তি পেতে চায়, যা ও সত্য এবং জনগণের স্বার্থবিরুদ্ধ।
সাবের চৌধুরী বলেন, আবারও ক্ষমতায় আসতে সরকার জনগণের দেওয়া ট্যাক্সের পয়সা খরচ করে আমেরিকার সার্টিফিকেট নিতে চাচ্ছে। কিন্তু তাদের মনে রাখা দরকার, এই সার্টিফিকেট দেবে দেশের জনগণ ও ভোটাররা।
তিনি প্রশ্ন করেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, তথা বিদেশি বিনিয়োগ, প্রবাসী নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, দ্বি--পাক্ষিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ কিংবা গার্মেন্টস শিল্পের মতো বাণিজ্যিক প্রসারে সরকার লবিস্ট নিয়োগ না করে প্রধানমন্ত্রীর আমেরিকা সফর, প্রেসিডেন্ট বুশের বাংলাদেশ সফর কিংবা বাংলাদেশের পাবলিক ইমেজ উন্নয়নের নামে বিএনপি জামাত জোটের ভাবমূর্তি উন্নয়ন অর্থাৎ ‘মিথ্যেকে সত্য হিসেবে প্রতিষ্ঠা’র জন্যে মাসে প্রায় এক লাখ ডলার কেন খরচ করা হচ্ছে?
এ ব্যাপারে গত বছরের ৩১ অক্টোবর ‘ওয়াশিংটন গ্র“পের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত চুক্তি’ বাতিলেরও দাবি করা হয়।
ওয়াশিংটনে বাংলাদেশের অ্যাম্বাসাডার শমসের এম. চৌধুরী এবং ওয়াশিংটন গ্র“পের অর্থনৈতিক বিভাগের প্রধান জন ডি. রাফেলি দ্বি পাক্ষিক এই চুক্তিতে স্বাক্ষর করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ঘুষ দিয়ে দুর্নীতি ঢাকার দুর্নীতি’র বিষয়টি সরকার অস্বীকার করলে আওয়ামী লীগ এ ব্যাপারে প্রয়োজনীয় দালিলিক প্রমাণ প্রকাশ করবে।
অবশ্য সংবাদ সম্মেলনে ওই চুক্তিপত্রের কপি সাংবাদিকদের কাছে বিতরণ করা হয়।
এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, উপ দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
অন্যদিকে রোববার বিকেলে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনকে এ ব্যাপারে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
