২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার্নিদের অনির্দিষ্ট কালের ধর্মঘটে সিএমসিএইচ অচল

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) ইন্টার্ন অ্যাসোসিয়েশন আহুত অনির্দিষ্ট কালের ধর্মঘটের চতুর্থদিন শনিবার চিকিৎসা কার্যক্রম একেবারে স্থবির হয়ে পড়েছে। চিকিৎসার বেহাল দশায় কয়েক শ’ রোগী হাসপাতাল ছেড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

শনিবার ইন্টার্নি চিকিৎসকরা প্রশাসনিক ভবনে তিনঘণ্টা ধরে তালা লাগিয়ে রাখে। এতে করে চিকিৎসা সেবার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও মুখ থুবড়ে পড়ে।

ইন্টার্ন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মুহিদুল হাসান বলেন, বর্ধিত ভাতার ব্যাপারে আমাদের দাবী মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

বিভাগীয় পর্যায়ের সর্ববৃহৎ এ হাসপাতাল ৩৪টি ওয়ার্ডের ২৮৭ জন ইন্টার্নের অব্যাহত কর্মবিরতির ফলে চিকিৎসকশূন্য হয়ে পড়ে। কয়েক শ’ রোগী হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হয়।

ধর্মঘটের ফলে হাসপাতালের প্রাত্যহিক অস্ত্রোপচার বন্ধ হয়ে গেছে। এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে গাইনোকলজি বিভাগের রোগীরা।

এদিকে হাসপাতালের পরিচালক বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সিএমসিএইচ’র মহাপরিচালকের নির্দেশে অধ্যক্ষ ইন্টার্নিদের দুই সপ্তাহের জন্যে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালেও তারা তা মেনে নেয়নি। অধ্যক্ষ সমস্যা সমাধানের যথাযথ কর্তৃপক্ষ নয় বলে তারা তার প্রস্তাবে রাজি হয়নি বলে ধর্মঘট আহ্বানকারীরা জানায়।

গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘোষণা অনুযায়ী বর্ধিত ভাতার দাবীতে ৫ এপ্রিল থেকে ইন্টার্নিরা ধর্মঘট চালিয়ে আসছে।

ইন্টার্ন অ্যাসোসিয়েশনের নেতারা জানান, সিএমসিএইচ ছাড়া দেশের সকল সরকারি হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্ধিত হারে প্রতি মাসে ছয় হাজার ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছে।