রোববার সিইসি আজিজ ও নূরুল ইসলাম মনি এমপি’র বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এবং ক্ষমতাসীন বিএনপি’র সাংসদ নূরুল ইসলাম মনির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের জারি করা আদালত অবমাননার অভিযোগের শুনানি রোববার সকালে অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের কার্যতালিকায় আদালত অবমাননার অভিযোগের বিষয়টি প্রথম দিকে রয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৭ মার্চ আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার ও সাংসদ নূরুল ইসলাম মনির বিরুদ্ধে স্যুয়োমোটো রুল জারি করেন।
ওই আদেশে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান নির্বাচন কমিশনার এবং নূরুল ইসলাম মনির বিরুদ্ধে লিভ টু আপিলের সাথে একটি চিঠি জুড়ে দিয়ে দেশের ‘সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থা’ প্রদর্শন করায় কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না ৯ এপ্রিলের মধ্যে তার কারণ দর্শানোর আদেশ দেন।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নূরুল ইসলাম মনি ৪ ফেব্র“য়ারি বিশেষ এক বার্তাবাহককে দিয়ে নির্বাচন কমিশনের প্রধান পরামর্শক অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি’র কাছে একটি ‘গোপনীয় এবং জরুরি পত্র’ পাঠান।
ওই চিঠিতে নূরুল ইসলাম মনি জানান, আওয়ামী লীগের সংসদ সদস্য ড. আলাউদ্দিন আহমেদ বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় এক টক শো'তে নূরুল ইসলাম মনির আগেই বলেন, ৬ ফেব্র“য়ারির পর প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজকে নির্বাচন কমিশন ত্যাগ করতে হবে। ওই তারিখে ভোটার তালিকা সংক্রান্ত ব্যাপারে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠানের দিন নির্ধারিত ছিল।
নির্বাচন কমিশন ৫ ফেব্র“য়ারি লিভ টু আপিলের সাথে ওই চিঠিটি জুড়ে দেয় এবং শুনানি স্থগিত এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য তারিখ বিলম্বিত করাতে একটি সম্পূরক আবেদন আপিল বিভাগে দায়ের করে।
