গাইবান্ধা উপনির্বাচনে জাপা প্রার্থী লুৎফর রহমান চৌধুরী
জাতীয় পার্টি (জাপা--এরশাদ) গাইবান্ধা--৪ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য সাবেক সাংসদ লুৎফর রহমান চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
জাপা সূত্র জানিয়েছে, শনিবার দলের পার্লামেন্টারি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে ওই সভায় তিনজন প্রার্থীর সাক্ষাতকার নেওয়া হয়। ওই প্রার্থীরা হলেন- লুৎফর রহমান চৌধুরী, আলতাফ হোসেন বাদশা ও আব্দুল গণি সরকার।
পরে বোর্ডের সভায় লুৎফর রহমান চৌধুরীকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। তিনিই জাপার নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
সভায় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, কাজী জাফর আহম্মেদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার ও চেয়ারম্যানের রাজনৈতিক সচিব কাজী ফিরোজ রশীদ উপস্থিত ছিলেন।
এর আগে দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদ ওই আসনের উপনির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন।
