২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ইস্যুতে সরকারের চিঠি পাঠানো ও প্রধানমন্ত্রীর নাকচ করে দেওয়া স্রেফ ধোঁকাবাজি : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংস্কার ইস্যুতে ‘সরকারের চিঠি পাঠানো এবং প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীর সংস্কার প্রস্তাব নাকচ’ করার বিষয়টিকে ‘জনগণের সঙ্গে ধোঁকাবাজি এবং ভাঁওতাবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন -- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের প্রয়োজন নেই। তিনি সংস্কার মানেন না। আবার তিনি চিঠিও পাঠান। এটা তার ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়।

শেখ হাসিনা দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, বিএনপি জামাত জোট সরকার দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। বিদ্যুৎ বা সার চাইতে গেলে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে মারছে তারা। জোট দুঃশাসনে অতিষ্ঠ মানুষ এখন মুক্তি চায়।

সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ লুটেরা ও খুনি সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা ক্ষমতায় থাকলে জাতির কোনো কল্যাণ হবে না। তাই আগামীতে স্বাধীনতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক সরকার গঠন করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ধানমণ্ডি বঙ্গবন্ধু জাদুঘর চত্বরে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল মান্নান।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক এম. আমানুল্লাহ্, সাবেক স্বাস্থ্য সচিব মোহাম্মদ আলি, অধ্যাপক আবুল বারকাত, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা: রুহুল হক ও ডা: ইকবাল আর্সলান।