২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আবারো আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে, ১২ এপ্রিল দেশব্যাপি বিক্ষোভ

আওয়ামী লীগ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিরপেক্ষ তদন্তের জন্য আবারো আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 03:36 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এছাড়া দলের পক্ষ থেকে চাঁপাই নবাবগঞ্জের কানসাটে বিএনপি নেতাকর্মীদের হামলায় গ্রামবাসীর হতাহত হওয়ার ঘটনাসহ বিভিন্ন ইস্যুতে আগামী ১২ এপ্রিল দেশব্যাপি বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে শুক্রবার কার্যনির্বাহী সংসদের সভা থেকে ওই দাবি জানানো হয়। ঘোষণা করা হয় বিক্ষোভসহ নানা কর্মসূচি।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৯ এপ্রিলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।

তিনি বলেন, ক্ষমতাসীন বিএনপি ও জামায়াত জোট সরকার জঙ্গিবাদের স্রষ্টা। তাই সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে পুরোপুরি ব্যবস্থা নেবে না। শুধুমাত্র শায়খ রহমান ও বাংলা ভাইকে গ্রেফতার করেই জঙ্গিদের নেটওয়ার্ক পুরো ভেঙ্গে দেওয়া যায় না।

তিনি জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে মদদদাতাদের খুঁজে বের করার দাবি জানান।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব সম্পর্কে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, সরকার একদিকে কমিটি গঠনের কথা বলে চিঠি চালাচালি করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী সংস্কারের বিরুদ্ধে কথা বলছেন। এ নিয়ে বিভিন্ন জনসভায় নেতিবাচক বক্তব্য রাখছেন। এ অবস্থায় সংস্কার ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব নয়। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ছাড়া সরকারকে কোনো নির্বাচন করতেও দেওয়া হবে না।

সভা শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফিং দেন।

ব্রিফিংয়ে তিনি সভায় নেওয়া বিভিন্ন কর্মসূচি কথা ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১২ এপ্রিল দেশব্যাপি বিক্ষোভ, ১৪ এপ্রিল আওয়ামী লীগের বর্ষবরণ শোভাযাত্রা ও ১৭ এপ্রিল দেশব্যাপি মুজিবনগর দিবস পালন।

সভায় কেন্দ্রীয়ভাবে মুজিবনগর দিবস পালন করার জন্য প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।