সরকার চাইলে সাতদিনের মধ্যে বিচার বিভাগ পৃথক করতে পারে: ব্যারিস্টার আমীর
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট আইনবিদ ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেছেন, সরকার আন্তরিক হলে সংসদে বিল এনে অথবা অধ্যাদেশের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে পারে।
বিডিনিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার মাসদার হোসেন মামলার রায়ে সর্বোচ্চ আদালতের ১২ দফা নির্দেশনা অনুযায়ী অধ্যাদেশ জারি করে অথবা সংসদে আইন পাস করার মাধ্যমে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করতে পারে। বিচার বিভাগ পৃথকীকরণের মূল পদক্ষেপই হচ্ছে সিআরপিসির সংশোধন। সরকার ইচ্ছাকৃতভাবে এটা করতে বিলম্ব করছে।
ব্যারিস্টার আমীর বলেন, নিু আদালতের ম্যাজিস্ট্রেটদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের (জেএসসি) মাধ্যমে নিয়োগ করা প্রয়োজন।
‘বিচার কাজে নিয়োজিত অধিকাংশ ম্যাজিস্ট্রেটেরই আইন বিষয়ে পড়াশোনা ও যথাযথ প্রশিক্ষণ নেই। সংশোধিত সিআরপিসিতে ম্যাজিস্ট্রেটদের বিচারিক এবং প্রশাসনিক এই দুইভাবে ভাগ করা দরকার। বিচারিক ম্যাজিস্ট্রেট ও প্রশাসনিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ পৃথকভাবে করা উচিত’ বলে তিনি উল্লেখ করেন।
আমীর উল ইসলাম বলেন, সরকার মাসদার হোসেন মামলার রায় বাস্তবায়ন করছে না; কারণ তারা আজ্ঞাবহ ম্যাজিস্ট্রেটদের দিয়ে বিচার কাজ চালাতে চায়। সরকার বিরোধী দলকে নির্যাতন করার জন্য নিু আদালতের বিচারকদের ব্যবহার করছে।
তিনি ওই বক্তব্যের স্বপক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ময়মনসিংহ বোমা হামলার ঘটনায় স্থানীয় জেলা আওয়ামী লীগের সভাপতি ও একটি আইন কলেজের অধ্যক্ষ সত্তোরোর্ধ বৃদ্ধ মতিউর রহমানকে সরকার গ্রেফতার করে। তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটদের ব্যবহার করা হয়।
তিনি আরো বলেন, একইভাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ সাবের হোসেন চৌধুরী, প্রখ্যাত সাংবাদিক শাহরিয়ার কবির, এনামুল হক চৌধুরী, সালিম সামাদ এবং অধ্যাপক মুনতাসির মামুনকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করার পর পুলিশ রিমান্ডে নির্যাতন করা হয়।
সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, জামা’আতুল মুজাহেদিন (জেএমবি) নেতাদের স্বীকারোক্তিতে এটি প্রমান হয়েছে, ওইসব নেতা, শিক্ষাবিদ ও সাংবাদিককে যে অপরাধের দায়ে গ্রেফতার করা হয়, তা জেএমবি’ই করেছিল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যদি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে, তাহলে এ অবস্থা আর থাকবে না; সরকারও ওই ধরণের কাজ করতে পারবে না। কারণ তখন সরকার ম্যাজিস্ট্রেটদের বিচারিক কার্যক্রমে আর হস্তক্ষেপ করতে পারবে না।
ব্যারিস্টার আমীর বলেন, সরকার আজ্ঞাবহ ম্যাজিস্ট্রেটদের দিয়ে যা খুশি তাই করছে। এ অবস্থা অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। এছাড়া তারা জুডিসিয়াল সার্ভিস কমিশনের (জেএসসি) মাধ্যমে আরো ১৫২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
তিনি অভিযোগ করে বলেন, জুডিসিয়াল সার্ভিস কমিশন (জেএসসি) আদালতের নির্দেশনা অনুযায়ী গঠিত হয়নি। সাত সদস্যের কমিশনের সকলেই বিচার বিভাগের লোক হওয়ার কথা থাকলেও এতে মাত্র দুজন বিচারককে রাখা হয়েছে। অন্য পাঁচজনই নির্বাহী বিভাগের লোক ও সরকারের আমলা। জেএসসি গঠনের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করেছে।
অপর এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আমীর বলেন, প্রশাসনিক ম্যাজিস্ট্রেটদের সরকার ১৪৪ ধারা জারি ও নীতি বাস্তবায়নের কাজে ব্যবহার করছে। তাদের বিচারিক কাজে ব্যবহারের কোনো কারণ নেই।
তিনি বলেন, বিচার বিভাগ পৃথক করা হলে নিু আদালতে সরকারের হস্তক্ষেপ অনেকাংশেই কমে যাবে। কিন্তু প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অনুগত হিসেবে নিু আদালতের বিচারকদের ব্যবহার করার স্বার্থেই সরকার এটি করছে না।
