২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় জোটের শরিকরাও থাকবে, এটাই স্বাভাবিক: জলিলের ফিরতি চিঠির প্রতিক্রিয়ায় মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগকে পাঠানো তার দ্বিতীয় চিঠির জবাব সম্পর্কে প্রতিক্রিয়ায় বলেছেন, আমরা উভয়েই পৃথক জোটের প্রতিনিধিত্ব করছি। তাই সংস্কার প্রস্তাব সম্পর্কিত আলোচনায় জোটের শরিকরাও থাকবে, এটাই স্বাভাবিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বৃহস্পতিবার তার বেইলি রোডের সরকারি বাসভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দেওয়া চিঠির জবাব গ্রহণের পর তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার চিঠির জবাবে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো চিঠিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এ প্রস্তাব দেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আলোচনায় জামাতকে বাদ দিয়ে ১৪ দলের পক্ষে আওয়ামী লীগ এবং সরকারি চার দলীয় জোটের পক্ষে শুধু বিএনপি’র প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করতে হবে।

এর আগে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার পক্ষ থেকে ৩১ মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে দ্বিতীয় চিঠিটি দেওয়া হয়। আওয়ামী লীগ চিঠি গ্রহণের পাঁচ দিন পর এর জবাব দিল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পক্ষে সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, উপ--দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক ও সহ--সম্পাদক এসএম কামাল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চিঠির জবাব নিয়ে বিএনপি মহাসচিবের সরকারি বাসভবনে যান এবং তা হস্তান্তর করেন।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূঁইয়া তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরো বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে এ ধরনের চিঠি আদান প্রদান ইতিবাচক। চিঠি আদান--প্রদান ও আলাপ আলোচনার মাধ্যমে আমাদের একটি সুষ্ঠু সমাধানে আসতে হবে।

চিঠির জবাব দিতে এর আগের মতো বিলম্ব হবে কিনা-- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আগে ইচ্ছা করে আমরা দেরি করিনি। আলাপ আলোচনার মাধ্যমেই এর জবাব দিতে হবে। এতে যতটুকু সময় লাগে, তাই লাগবে।

স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সাথে আওয়ামী লীগের আলোচনায় অনীহা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, চিঠি গ্রহণ করেছি, কিন্তু এখনো খুলিনি। চিঠি খুলে এর ভেতরে কি আছে, তা দেখবো। এ বিষয়ে দলের নেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে কথা বলে যত দ্রুত সম্ভব, জবাব দেবো।

তবে আমরা যে যে জোটের প্রতিনিধিত্ব করছি, তার শরিকদেরও আলোচনায় থাকা উচিত, এটাই স্বাভাবিক।