জঙ্গিবাদ দমন করা না গেলে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জঙ্গিবাদ দমন করা না গেলে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, “জঙ্গিবাদ দমন করা না গেলে তা দেশের সাধারণ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে অন্তরায় হবে”।
বৃহস্পতিবার কানাডার নবনিযুক্ত হাই কমিশনার বারবারা রিচার্ডসন শেখ হাসিনার সাথে সুধাসদনে সাক্ষাত করতে এলে তিনি সংস্কার প্রস্তাবের যৌক্তিকতাও তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশে সর্বোচ্চ আলোচিত বিষয় জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিষয়টি বিশেষভাবে স্থান পায় বলে সূত্র জানায়।
এছাড়া দেশের সর্বশেষ রাজনৈতিক ও আর্থ সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও তারা আলোচনা করেন।
সোয়া এক ঘন্টার বৈঠক শেষে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাক্ষাতকারের প্রতিবাদ জানিয়ে বলেন, আগামী নির্বাচনের আগেই জঙ্গিবাদ দমন করতে হবে, নেপথ্যের মদদদাতাদের ধরে বিচারের আওতায় আনতে হবে।
“দুই এক জন জঙ্গি ধরেই জঙ্গি দমন হয়ে গেছে বলে প্রচারণা চালালে হবে না,” তিনি বলেন এবং জানান, এ বিষয়ে বারবারাও আওয়ামী লীগের সঙ্গে একমত প্রকাশ করেন।
বারবারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন একটি চলমান প্রক্রিয়া। তাই এর ধারাবাহিতা অব্যাহত রাখতে হবে।
সাবের জানান, বিরোধী দলীয় নেতা হাই কমিশনারকে বলেছেন, নির্বাচিত সরকারের জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছি।
“এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ছাড়া নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না,” হাসিনা বলেন।
বিরোধী দলীয় নেতা ব্যাখ্যা করে বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
বৈঠকে কানাডার হাই কমিশনার বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে আলাপ আলোচনা এবং সংলাপের মধ্য দিয়ে এর সমাধান হওয়া উচিত।
পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
বৈঠকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিনও উপস্থিত ছিলেন।
