২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের গ্রেফতারকৃত ব্যক্তিটি জেমমবি’র শুরা সদস্য খালেদ সাইফুল্লাহ নয়: র‌্যাবের দাবি

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) হাতে গ্রেফতারকৃত ব্যক্তি জেএমবি’র মজলিশে শূরা সদস্য খালিদ সাইফুল্লাহ নয় বলে বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে দাবি করা হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এর আগে বিডিআর-৬ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল লুৎফর রহমান তাদের আটককৃত ব্যক্তি জেএমবি’র মজলিশে শূরা সদস্য খালিদ সাইফল্লাহ বলে দাবি করেন।

কিন্তু আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাত্র কয়েক ঘণ্টা পর র‌্যাব-৫ এর মেজর ফারুক বলেন আটককৃত ব্যক্তিকে সনাক্ত করতে গিয়ে ভুল করা হয়েছে।

মেজর ফরুক বৃহস্পতিবার সকালে রাজশাহীতে সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি খালেদ সাইফুল্লাহ নয়।

বাংলাদেশ রাইফেলসের শিবগঞ্জের কিরণগঞ্জের বিওপি ক্যাম্পের একটি দল তেলকুপি থেকে বৃহস্পতিবার ভোরে ওই ব্যক্তিকে আটক করে।

আটকের কয়েক ঘণ্টা পর বিডিআর-৬ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল লুৎফর রহমান জানান, বিডিআরের একটি দল জেএমবি’র খালেদ সাইফুল্লাহকে (৩৫) আটক করতে সক্ষম হয়েছে।

লে. কর্নেল লুৎফর আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিডিআর ব্যাটালিয়ন সদরদপ্তরে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর বিডিআর কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তি নিজেকে খালেদ সাইফুল্লাহ বলে পরিচয় দিয়েছে।

লে. কর্নেল লুৎফর আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদ সাইফুল্লাহর যে ছবি সরবরাহ করা হয়েছে আটককৃত ব্যক্তির চেহারার সাথে সে ছবির মিল রয়েছে।

আটক করার সংবাদ পাওয়ার পরপরই রাজশাহীর র‌্যাব-৫ এর একটি দল বিডিআরের ব্যাটালিয়ন সদরদপ্তরে ছুটে যায় এবং জিজ্ঞাসাবাদের পর তারা জানায়, আটককৃত ব্যক্তি খালেদ সাইফুল্লাহ নয়।

র‌্যাব-৫ এর মেজর ফারুক সাংবাদিকদের জানান, আটককৃত ব্যক্তি নিজেকে খালেদ সাইফুল্লাহ বলে পরিচয় দিলেও ব্যাপক জিজ্ঞসাবাদের পর তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

সকালে মেজর ফারুক জানান, আটককৃত ব্যক্তি র‌্যাবের কাছে স্বীকার করেছে যে সে জেএমবি’র খালেদ সাইফুল্লাহ নয়।

এর আগে লে. কর্নেল লুৎফর সাংবাদিকদের জানান, গত দুই সপ্তাহ ধরে খালেদ সাইফুল্লাহ চাপাইনবাবগঞ্জে আত্মগোপন করে আছে।