২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’ দলের মধ্যে জোট হচ্ছে: জাপা (এরশাদ); মঞ্জু বললেন, অসম্ভব

হুসেইন মুহাম্মদ এরশাদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর মধ্যে বৃহস্পতিবার নাটকীয় এক বৈঠকের পর জাপা নেতারা বলেছেন, দু’ দলের মধ্যে জোট হচ্ছে। তবে মঞ্জু বলেছেন, অসম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

জাতীয় পার্টির (জাপা) নেতারা বলেন, এরশাদের সাথে তার অবিভক্ত দলের মহাসচিব ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বৈঠকের মধ্য দিয়ে দু’ পক্ষের মধ্যে আলাপ আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে।

অচিরেই তারা একটি রাজনৈতিক ঐক্যে পৌঁছাতে পারবেন বলে জাপা নেতারা দাবি করেন।

তবে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এটা ছিলো এক সৌজন্য সাক্ষাত।

“বৈঠকে রাজনীতির ‘র’ বা পলিটিক্সের ‘পি’ নিয়েও কোনো আলোচনা হয়নি,” বলেন মঞ্জু।

এরশাদের নেতৃত্বাধীন জাপা সূত্র জানায়, প্রায় এক ঘন্টাব্যাপি বৈঠকে তারা তাদের মধ্যে মতবিরোধ কমিয়ে আনার চেষ্টা করেন।

এরশাদের রাজনৈতিক সচিব কাজী ফিরোজ রশীদের মধ্যস্থতায় দু’ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও তিনি এতে উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ।

জাপা সূত্র জানায়, দলীয় প্রেসিডিয়ামে আলোচনার পরই দু’ নেতার ওই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এরশাদ জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আবারো তার দলে ফিরে যাওয়ার অনুরোধ জানান বলে সূত্র জানায়।

তবে মঞ্জু নেতিবাচক মনোভাব প্রকাশ করেন।

সূত্র জানায়, এরশাদ মঞ্জুকে বলেন, দল বিভক্তির পর্যায়ে সাবেক সাংসদ ও মঞ্জু - পতœী তাসমিমা হোসেনকে তিনি (এরশাদ) যেভাবে বহিস্কার করেছিলেন, তা যৌক্তিক ছিল না।

এ কারণে এরশাদ দুঃখ প্রকাশ করেন এবং বলেন, অচিরেই তিনি আনোয়ার হোসেন মঞ্জুর বাসভবনে গিয়ে তাসমিমা হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন।