২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জলিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ২য় লিড

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপিকে বুধবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় নগরীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 10:40 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

দলীয় সূত্র জানায়, শ্বাসকষ্টসহ শারীরিক অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।  তিনি কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করলে বাসাতেই তার চিকিৎসা চলে। হাসপাতালে আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ স্থানীয় নেতারা তাকে দেখতে যান।

ল্যাব এইডের চিকিৎসকের পরামর্শক্রমে দু’এক দিনের মধ্যে তাকে ভারত নেওয়া হতে পারে বলে জানা যায়।

হাসপাতালে  নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা - নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকরা জানান, আব্দুল জলিলের কিডনিতেও সমস্যা  দেখা দিয়েছে। এছাড়া তার শরীরে পেস মেকার লাগানো থাকায় আরো কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। বুধবার তার শরীরের তাপমাত্রাও বেড়েছে।

দলীয় সূত্র জানায়, এদিকে আব্দুল জলিলের অসুস্থতার কারণে বুধবার সন্ধ্যায় ১৪ দলের পূর্ব নির্ধারিত লিয়াজোঁ কমিটির সভা অনুষ্ঠিত হয়নি। ওই সভায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার চিঠির জবাব সংক্রান্ত ১৪ দলের ড্রাফট কমিটির খসড়া অনুমোদিত হওয়ার কথা ছিল।

সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহষ্পতিবার কথা বলে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।