খাগড়াছড়ির সাম্প্রদায়িক হামলার নেপথ্য গড ফাদার ওয়াদুদ ভূইয়া: জনসংহতি সমিতি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্ত:মন্ত্রণালয়ের সভায় জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতারা খাগড়াছড়ির পাহাড়ি গ্রামে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন। তারা ওই ঘটনার জন্যে সরাসরি উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়াকে দায়ী করে বলেন, তিনিই ওই ঘটনার নেপথ্য গড ফাদার।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান, ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, হুইপ ওয়াহিদুল আলম, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা ও আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা, গৌতম কুমার চাকমা, কেএস মং প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, পার্বত্য উন্নয়ন ও শন্তিচুক্তি বাস্তাবায়ন বিষয়ক এ সভায় এজেন্ডার বাইরে তিনজন পাহাড়ি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক হামলার ওই ঘটায় এরই মধ্যে সেখানকার স্থানীয় নেতারা জেলায় বৈসাবী (বৈসুক, সাংগ্রাই ও বিঝু) নামক বর্ষ বরণ উৎসব বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
তারা বলেন, ওই ঘটনার নেপথ্য গডফাদার স্থানীয় সাংসদ ও পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। তারই ইঙ্গিতে সেনা বাহিনী ও পুলিশের সহায়তায় বাঙালিরা পাহাড়িদের তিনটি গ্রামে হামলা চালায়।
জনসংহতি সমিতির নেতারা আরো বলেন, এরআগেও বৈসাবীর আগে পাহাড়ে একাধিকবার সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। বার বার এ ধরণের ঘটনা ঘটিয়ে একদিকে দখল করা হচ্ছে আদিবাসী পাহাড়িদের জমি। অন্যদিকে বিএনপির ভোট নিশ্চিত করতে বহিরাগত বাঙালিদের প্রশাসনিক পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে।
বৈঠকে তারা ওই ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবী জানান।
