৯ দফা দাবি আদায়ে বিভিন্ন জেলায় ইউপি চেয়ারম্যানদের সমাবেশ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট বুধবার বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অস্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্র“তি বাস্তবায়নসহ ইউনিয়ন পরিষদকে কর্মক্ষম, গতিশীল স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে নয় দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। এ ব্যাপারে বিডিনিউজ প্রতিনিধিরা বিভিন্ন জেলা থেকে সংবাদ পাঠিয়েছেন।
বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে ইউনিয়ন পরিষদকে আরও কর্মক্ষম, গতিশীল ও স্বয়ংসম্পূর্ণ করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, রেজাউল করিম, আব্দুল লতিফ প্রমুখ। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ইউনয়িন পরিষদ ঐক্যজোট কুড়িগ্রাম শাখা শহরের কলেজ রোডে ঐক্যজোটের কার্যালয়ে চেয়ারম্যান ও মেম্বারদের এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গুনাইগাছ ইউপি চেয়ারম্যান এম কফিল, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, রৌমারি ইউপি চেয়ারম্যান রুহুল আমিনসহ অনেকে। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
