২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাই: আফগান যুদ্ধের মুজাহিদ থেকে মধ্যপ্রাচ্যের নাইটক্লাবের দ্বাররক্ষী

টাইম ম্যাগাজিন তার প্রচ্ছদ কাহিনীতে বলেছে, আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করা মুজাহিদিন সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই মধ্যপ্রাচ্যের নাইটক্লাবে দ্বাররক্ষী (বাউন্সার) হিসেবে কাজ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

‘রিবিল্ডিং বাংলাদেশ’ শিরোনামে টাইম ম্যাগাজিন লেখা শুরু করেছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিভাবে বহুল প্রত্যাশিত বাংলা ভাইয়ের গ্রেপ্তারের খবর টেলিফোনে পেয়েছেন তার বর্ণনা দিয়ে।

টেলিফোনের অপর প্রান্তে থাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একজন কমান্ডার বলেন, তাকে (বাংলা ভাই) ঘিরে ফেলা হয়েছে।

সিঙ্গাপুর হোটেল অবস্থানের সময় ভোর ৩টায় বাংলা ভাইয়ের গ্রেপ্তারের খবর টেলিফোনে পাওয়ার পর বাবর বলেন, তাকে গুলি করো না। তাকে গুলি করো না। আমাদের তাকে জীবন্ত প্রয়োজন। সে কী জানে তা আমাদের জানা প্রয়োজন।

চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ টেনে টাইম প্রচ্ছদ কাহিনীতে বলেছে, আগস্টের বোমা হামলা পর্যন্ত জিয়ার (খালেদা) সরকার বাংলাদেশে ইসলামী উগ্রবাদীদের অস্তিত্ব অস্বীকার করে এসেছে।

এতে বলা হয়, বিরোধী দল ইস্যুটি এড়িয়ে যাওয়ার জন্য তাকে (খালেদা) দায়ী করেছে। কারণ, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট নামের দু’টি ডানপন্থি ইসলামী দল শরিক হিসেবে জোট সরকারে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিন্তু তথ্যের অভাবের কারণে সরকার নিস্ক্রিয় থেকেছে বলে (খালেদা) জিয়া দাবি করেছেন। জঙ্গিদের সম্পর্কে তিনি বলেন, তাদের যে অস্তিত্ব ছিল এটা আমরা জানতাম না। ১৭ আগস্টের বোমা হামলার পর আমরা তা জানতে পেরেছি।

প্রতিবেদনে বলা হয়, অনেক বিএনপি সদস্য দেশের পশ্চিমাঞ্চলে কথিত চাঁদাবাজদের হত্যা করতে বাংলা ভাইয়ের পরিচালিত অভিযানের সময় তার সাথে জোট বেঁধেছিল।

প্রতিবেদন অনুযায়ী, এসব লজ্জাকর যোগাযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর দৃশ্যত অস্বচ্ছন্দ বোধ করেন। তিনি বলেন, এটা আপনাকে বুঝতে হবে যে এগুলো ছিল স্থানীয় অপরাধমূলক কর্মকাণ্ড। বাংলা ভাই অপরাধীদের সাথে লড়াই করেছেন। এটা তখন জিহাদ ছিল না।